কোটি টাকার বালুমহাল ৬১ লাখে ইজারা
হবিগঞ্জে জেলা প্রশাসনের বিরুদ্ধে এক কোটি আট লাখ টাকার বালুমহাল ৬১ লাখ টাকায় ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি বিশেষ চক্রের মাধ্যমে এ কাজ করা হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসন এবং ইজারাপ্রত্যাশী ছিলেন এমন কয়েকজন ঠিকাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা সদরে অবস্থিত খোয়াই নদের চরের আয়তন ৯৪ বর্গকিলোমিটার (শহরের কামরাপুর সেতু থেকে জেলা সদরের প্রবেশমুখ শায়েস্তাগঞ্জ নতুন সেতু পর্যন্ত বিস্তৃত)। জেলা প্রশাসন প্রতিবছর চরটিকে একসনা ইজারা দিয়ে আসছে।
গত ৭ এপ্রিল জেলা প্রশাসন এ বালুমহালের দরপত্র আহ্বান করে। তবে এ দরপত্রের বিজ্ঞপ্তি বহুল প্রচারিত কোনো সংবাদপত্রে ছাপা হয়নি বলে অভিযোগ করেন ঠিকাদারেরা। এ কারণে তাঁরা কোনো দরপত্র সংগ্রহ করতে পারেননি। তাই ৬ মে আবারও দরপত্র আহ্বান করা হয়। তবে এবার তাঁরা চক্র সৃষ্টির অভিযোগ এনে কেউ দরপত্র কেনেননি।
পরে জেলা প্রশাসন গত ২৭ মে তৃতীয় দফায় দরপত্র আহ্বান করলে তাতে আজিজুর রহমান নামের একজন ঠিকাদার অংশ নেন। এতে তিনি বালুমহালটি মাত্র ৪৭ লাখ টাকা মূল্য দেখিয়ে দরপত্র জমা দেন। এরপর প্রশাসন ১৬ জুন আবার দরপত্র আহ্বান করে। তবে এবারও আজিজ ছাড়া আর কেউ অংশ নেননি। এবার আজিজ ৪৭ লাখ থেকে বাড়িয়ে ৫২ লাখ টাকার দরপত্র জমা দেন।
সর্বশেষ গত ৭ জুলাই পঞ্চম দফায় আবারও দরপত্র আহ্বান করে প্রশাসন। এতেও আজিজুর রহমান একা অংশ নেন। এবার তিনি ৬১ লাখ টাকার দরপত্র জমা দেন। এভাবে জেলা প্রশাসন পাঁচবার কাগজপত্রে দরপত্র দেখায় এবং কোনো অংশগ্রহণকারী না থাকায় গত ২৪ জুলাই আজিজুর রহমানকে খোয়াই নদের বালুমহাল নামমাত্র মূল্যে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এর কার্যাদেশ দেয়। অথচ জেলা প্রশাসন একই বালুমহাল গত বছর (১৪২০ বাংলা সন) এক কোটি আট লাখ টাকায় ইজারা দেয় নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, এ দরপত্রে কাউকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ঠিকাদার আজিজুর রহমান ও জেলা প্রশাসন চক্র বানিয়ে এ কাজ করেছে। তিনি আরও বলেন, আজিজুর রহমানের নামে এ বালুমহাল ইজারা নেওয়া হলেও এর নেপথ্যে একজন প্রভাবশালী সাংসদ রয়েছেন।
নাজমুল আলম নামের এক ঠিকাদার বলেন, নিয়ম অনুযায়ী এই বালুমহাল থেকে গত বছরের তুলনায় এবার সরকারের দ্বিগুণ রাজস্ব পাওয়ার কথা। অথচ প্রশাসন কৌশল করে বালুমহালটি পাইয়ে দিল আজিজুর রহমানকে।
আজিজুর রহমান বলেন, সরকারকে নিয়মানুযায়ী রাজস্ব দিয়ে তিনি বালুমহালটির ইজারা নিয়েছেন। তিনি কারও সঙ্গে কোনো চক্র করেননি।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের কোনো চক্র হয়নি, বরং তাঁরা (নাম প্রকাশ করেননি) চক্র করে রেখেছেন। তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে গত বছরের চেয়ে কম মূল্যে এবার ইজারা দিতে হয়েছে। যদি না দিতেন, তাহলে সরকার এ রাজস্ব থেকেও বঞ্চিত হতো। পাশাপাশি বালুমহালটি লুটপাট করত লোকজন।