কোটি টাকার সোনাসহ বিমানকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দুই কেজি ৩০০ গ্রাম সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। ওই বিমানকর্মীর নাম মো. মাজহারুল আফসার (৩০)।
বেলা পৌনে দুইটার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং শুল্ক বিভাগের যৌথ অভিযানে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে মাজহারুল আফসারকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ছয়টি আইপ্যাডও উদ্ধার করা হয়। তিনি দুপুরে বিমানের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও শুল্ক বিভাগের দাবি, আটক সোনার বাজার মূল্য সোয়া এক কোটি টাকা। আইপ্যাডগুলোর দাম ছয় লাখ টাকা। তিনি সোনা থাকার বিষয়টি অস্বীকার করলে তাঁর শরীর ও ব্যাগ তল্লাশি করে সোনার বার ও আইপ্যাডগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, মাজহারুল আফসারকে তল্লাশি করে তাঁর দুই পায়ের মোজার ভেতর থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে দুটির ওজন এক কেজি করে। বাকি তিনটি বারের প্রতিটির ওজন ১০০ গ্রাম। তিনি জানান, মাজহারুলের বিরুদ্ধে এর আগেও সোনা পাচারের প্রমাণ পাওয়া গেছে।
মাজহারুলের গ্রামের বাড়ি নোয়াখালীতে। ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন জানান, উদ্ধার হওয়া সোনা ও ছয়টি আইপ্যাড শুল্ক গুদামে জমা করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২০১৩ সালের ২৪ জুলাই শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১২৪ কেজি সোনা উদ্ধারের করা হয়েছিল। ওই ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি গত মাসে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তাতে ওই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে যে ১৪ জনের নাম উল্লেখ করেছিল, তাঁদের মধ্যে ১০ জনই বাংলাদেশ বিমানের কর্মী।