কোটি টাকার হেরোইনসহ কুলি আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবার প্রায় ১ কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ এলাকায় কুলি হিসেবে কাজ করা আবদুল লতিফ ওরফে লতিফ কবিরাজ (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় মাদারপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোদাগাড়ী থানা-পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি সিমেন্টের বস্তা মাথায় বাড়ি ফেরার পথে আবদুল লতিফকে গ্রেপ্তার করে। পরে বস্তার ভেতর ২৭টি প্যাকেটে ২ কেজি ৪০০ গ্রাম ‘সিংহ’ মার্কা হেরোইন পাওয়া যায়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আবদুল লতিফ গোদাগাড়ীর রেলবাজার খেয়াঘাটে কুলির কাজের পাশাপাশি এলাকায় কবিরাজিও করেন বলে জানা গেছে। ওসি আরও জানান, জব্দ করা হেরোইনের দাম প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। হেরোইনের প্রকৃত মালিকের পরিচয় জানতে আবদুল লতিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।