কোড ফাঁস করে পরীক্ষার নম্বর বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কোড নম্বর ফাঁস করে ছাত্রদের নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত সপ্তাহে এ বিষয়ে অভিযোগ পান লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। তবে কবে সেটি পেয়েছেন এবং কে করেছিল তা তিনি জানাতে চাননি। অভিযোগ পাওয়ার পর গত শুক্রবার তিনি ৫০ জন পরীক্ষার্থীর চারটি বিষয়ের খাতা ও চূড়ান্ত উত্তরপত্রে কাটাছেঁড়া ও কেটে আবার লেখা (ওভাররাইটিং) দেখেন। তাৎক্ষণিক চরফ্যাশন উপজেলার প্রধান পরীক্ষক, নিরীক্ষকসহ নয়জন পরীক্ষকের দলটিকে শুক্রবার লালমোহনে ডেকে ছাত্রদের প্রকৃত নম্বরপত্র তৈরি করতে মৌখিকভাবে হুঁশিয়ারি করে দেন।
ইউএনও জাকির হোসেন জানান, ছাত্রদের কোড নম্বর লালমোহন শিক্ষা কর্মকর্তা ও তাঁর কর্মচারীরাই জানেন, অন্য কেউ নয়। তাঁর কার্যালয় থেকে ছাত্রকোড নম্বর ফাঁস হয়েছে নিশ্চিত। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা উদ্ঘাটন হয়নি। প্রায় একই রকম বক্তব্য দেন চরফ্যাশনের ইউএনও রেজাউল করিম।
চরফ্যাশন ও লালমোহনের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, লালমোহন উপজেলার পিইসি পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পায় পাশের চরফ্যাশন উপজেলার পরীক্ষক দল। সেখানকার প্রধান পরীক্ষক, নিরীক্ষক ও পরীক্ষকেরা অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পরীক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দিয়েছেন। জানা গেছে, ইংরেজিতে ৪৭ কেটে ৯৭ নম্বর, গণিতে ৪৩ কেটে ৯৩ নম্বর, ১০ নম্বরের একটি প্রশ্নের উত্তরে ৩ পেলেও কেটে ৩০ বানিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে কাটাছেঁড়া ও ওভাররাইটিং দেখে লালমোহনের ইউএনও চরফ্যাশন উপজেলার প্রধান পরীক্ষক আবদুল হাই, ফাতেমা বেগম, খোরশেদ আলম, নুরে আলম ভুইয়া, মো. মোস্তফাসহ নয়জন পরীক্ষককে জবাবদিহির জন্য শুক্রবার ডেকে পাঠানো হয়। তবে ওই পরীক্ষক দলের সদস্যরা প্রথম আলোকে বলেন, ‘কাটাছেঁড়া ও ওভাররাইটিং করেছে লালমোহন শিক্ষা কার্যালয়। আমরা প্রকৃত নম্বরই দিয়েছি। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়্যাদুজ্জামান জানান, ঘটনা সত্য, তবে কে বা কারা করেছে তার তদন্ত চলছে। অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে।