
ব্লগার ও অনলাইন লেখক ওয়াশিকুর রহমানকে (২৭) হত্যার অভিযোগে গ্রেপ্তার দুজন কোনো জঙ্গি সংগঠনের সদস্য বলে পুলিশ ধারণা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। এঁরা দুজন যে মাদ্রাসায় পড়তেন বলে সোমবার জানিয়েছিলেন, সেই সব মাদ্রাসা থেকে তাঁদের ছাত্রত্বের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
গত সোমবার সকালে রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ীতে প্রকাশ্যে সড়কে কুপিয়ে হত্যা করা হয় ওয়াশিকুর রহমানকে। ঘটনাস্থল থেকেই স্থানীয় লোকজন জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই তরুণকে ধরে ফেলেন। এ ঘটনায় সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গ্রেপ্তার দুজনসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। মামলার অন্য দুই আসামি হলেন আবু তাহের ও মাসুম। গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, মাসুমের নির্দেশে ও পরিকল্পনায় তাঁরা হত্যাকাণ্ড ঘটান।
মামলাটির তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে নিয়ে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সন্ধ্যার দিকে তাঁদের আদালত থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেছেন। কী কারণে তাঁরা হত্যা করেছেন, সে বিষয়ে একটা ভাষ্যও দিয়েছেন। তবে সেটি যথেষ্ট মনে হচ্ছে না। আরও কারা জড়িত ছিলেন, কারা নির্দেশ দিয়েছেন—এসব বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তিনি বলেন, গ্রেপ্তার দুজন সেভাবে ব্লগ, ফেসবুক বা ইন্টারনেটের সঙ্গে পরিচিত নন। সে ক্ষেত্রে কেউ না কেউ তাঁদের সেগুলো দেখিয়ে-পড়িয়ে শিখিয়ে দিয়েছেন। ব্যাখ্যা ও নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদ থেকে এঁদের শিকড় জানার চেষ্টা করা হবে। এসব তথ্য অন্য কোনো তদন্তাধীন মামলার সূত্রের সঙ্গে মেলে কি না, সেই চেষ্টাও করা হবে।
হত্যার জন্য তাঁরা কোনো টাকা পেয়েছেন কি না, জানতে চাইলে মনিরুল বলেন, এখন পর্যন্ত যা পাওয়া গেছে, তাতে মনে হয়েছে যে মতাদর্শিক কারণে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁদের ভাষায় এটি তাঁদের ‘ইমানি দায়িত্ব’। সেই দায়িত্বের জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বতঃস্ফূর্তভাবে তাঁরাই বলেছেন।
এঁরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, জানতে চাইলে মনিরুল বলেন, ‘সংগঠনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তাঁরা সরাসরি স্বীকার করেননি। তবে একজন সম্পর্কে কিছু তথ্য মিলেছে যে তিনি জেএমবির সদস্য হিসেবে এর আগে নরসিংদীতে গ্রেপ্তার হয়েছিলেন। সেই তথ্যগুলো যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত তাঁরা বলেছেন, এটাই তাঁদের প্রথম কাজ (হত্যাকাণ্ড)। তবে অপরাধীরা ধরা পড়ার পর সব সময়ই বলে থাকে, এটি তাদের প্রথম কাজ। কয়েকটি হত্যাকাণ্ডের ধরন দেখে এগুলোকে একই সূত্রে গাঁথা যায়। এর আগে অন্য হত্যাকাণ্ডে ধরা পড়া কয়েকজন আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য। আনসার বাংলা নামে আরও কয়েকটি সংগঠনের নামও শোনা যায়। আমরা ধরে নিচ্ছি এ ধরনের সংগঠনগুলো নিঃশব্দ খুনকে কৌশল হিসেবে বেছে নিয়েছে।’ এ রকম কোনো সংগঠনই এ কাজ করেছে বলে ধারণা করছেন তাঁরা।
গ্রেপ্তার দুজন যে মাসুমের কথা বলেছেন, তিনি আসলে কে জানতে চাইলে মনিরুল বলেন, মাসুম তাঁর বানানো নাম বলে তাঁদের মনে হয়েছে। এ বিষয়ে প্রথম দিনের চেয়ে খুব বেশি তথ্য মেলেনি। তাঁদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। এ কারণে জিজ্ঞাসাবাদের খুব বেশি সময়ও মেলেনি।
মাদ্রাসার অস্বীকার: গ্রেপ্তার হওয়ার পরে আরিফুল বলেছিলেন, তিনি মিরপুরের জমিয়াতুল উলুম মাদ্রাসার ছাত্র। তবে গতকাল মিরপুরের ১৪ নম্বরে ওই মাদ্রাসায় গেলে একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, তাঁরা খুঁজে দেখেছেন আরিফুল তাঁদের মাদ্রাসার ছাত্র নন।
একইভাবে চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসা থেকে বলা হয়েছে, জিকরুল্লাহ তাঁদের মাদ্রাসার ছাত্র নন। গ্রেপ্তারের পরে জিকরুল্লাহ বলেছিলেন, তিনি হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর মাদ্রাসার ছাত্র। গতকাল রাতে হাটহাজারী বড় মাদ্রাসার পরিচালক ও হেফাজতের আমির শাহ আহমদ শফীর প্রেস সচিব মুনির আহমেদ স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মাদ্রাসার ছাত্রদের ভর্তি রেজিস্টার ও অন্যান্য কাগজ খুঁজে জিকরুল্লাহ নামের কোনো ছাত্রের খোঁজ মেলেনি। এমনকি বিভিন্ন পত্রিকায় ছাপানো দুজনের ছবি দেখেও তাঁদেরকে কেউ ওই মাদ্রাসার ছাত্র হিসেবে শনাক্ত করেনি।
এদিকে নরসিংদীর রায়পুরা উপজেলার গজারিয়াকান্দি গ্রামে জিকরুল্লাহর বাড়িতে ঘুরে এসে নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, তাঁর বাবা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি এলাকায় কম যান বলে তাঁর প্রতিবেশীরা জানিয়েছেন।
ঢাকার ডিবি বলছে, জিকরুল্লাহ এর আগে নরসিংদীতে জেএমবির সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন বলে তারা তথ্য পেয়েছে। তবে নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছোটবেলা থেকেই হাটহাজারীর কোনো একটি মাদ্রাসায় পড়ছেন জিকরুল্লাহ। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ কম। ধারণা করা হচ্ছে, চট্টগ্রামে তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়েছেন। এর আগে নরসিংদীতে জিকরুল্লাহর গ্রেপ্তার হওয়ার কোনো তথ্য নেই বলে জানান ওসি।
ক্ষোভ ও উদ্বেগ: গতকাল ওয়াশিকুরের বোন আফসারি সুলতানা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ভুল-ত্রুটি তো মানুষই করে। কত ভয়ংকর ভুল করে, কত রকমের খারাপ মানুষ আছে পৃথিবীতে। তারা কি বাঁচে না? সে যদি কিছু লিখে ভুল করেও থাকে, তাই বলে কি তারা তার শাস্তি মৃত্যুদণ্ড দিবে? তারা মৃত্যুদণ্ড দেওয়ার কে? মানুষ কত কিছু লেখে, মানুষের মনে কত কথা থাকে। সে লিখতে পারে। হ্যাঁ বুঝছি, সে ধর্মবিরোধী লিখছে। তাঁর মনে যা আসছে, সে লিখছে। সে যদি খারাপ কিছু লেখে, পরকালে তাঁর বিচার আল্লাহ করবে। পৃথিবীতে ওরা মৃত্যুদণ্ড দেওয়ার কে?’
এদিকে এই হত্যার ঘটনায় গতকাল ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। বিবৃতি দিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল, বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু প্রমুখ।