নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজারে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ ও ছাত্রলীগ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মণ্ডল মেহেদি হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে আহত হওয়ার ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।
এদিকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, দুই পক্ষই সরকারি দলের। মাঝে পুলিশ। ধরপাকড় সম্ভব হয়নি। মামলাও করেনি কোনো পক্ষ। তবে দুই পক্ষই শান্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন।
আওয়ামী লীগ নেতা মজিদের ছোট ভাই ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন বলেন, দুই পক্ষের লোকজনই চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের মধ্যস্থতায় উভয় পক্ষই শান্তি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে। সময় বুঝে বসে স্থায়ী সমাধান করা হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মণ্ডল মেহেদি হাসানও একই কথা জানিয়েছেন। এ নিয়ে সাংসদ আবদুল কুদ্দুসের মুঠোফোনে তিন-চারবার রিং করলেও তিনি ফোন ধরেননি।
মজিদের পরিবারের এক মেয়ের সঙ্গে প্রতিবেশী চরকাদহ গ্রামের আনোয়ারুলের ছেলে বিতাম আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অগোচরে তাঁরা কোর্টে গিয়ে বিয়ে করেন। সেটা ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। গত রোববার রাত আটটার দিকে ছেলেটি সবার অগোচরে তাঁদের বাড়িতে ঢোকেন। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়। ওই দিনই বিতাম আলী জামিন পান।
মেহেদি হাসান ওই ছেলের পক্ষ অবলম্বন করে সোমবার সন্ধ্যায় নয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে মজিদের পরিবারকে কটূক্তি করেন। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মজিদ সাংবাদ সম্মেলন করেন। সন্ধ্যায় মজিদের ছেলেকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ নিয়ে গতকাল বুধবার প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।