দুর্বৃত্তদের ফেলে যাওয়া বোমাতেই নিহত নাঈম
কোনো সূত্র পাচ্ছে না পুলিশ চার দিনেও গ্রেপ্তার নেই
কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান (৫৮) হত্যার পর চার দিন পেরিয়ে গেলেও কোনো সূত্র খুঁজে পাচ্ছে না পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা যায়নি।
গত শুক্রবার কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দূরে শিশিরপাড়া মাঠ এলাকায় নিজ বাগানবাড়ির কাছে দুর্বৃত্তদের হাতে খুন হন সানাউর। একই দিন কুষ্টিয়া সদর উপজেলায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া বোমার বিস্ফোরণে মৃত্যু হয় স্কুলছাত্র নাঈম ইসলামের (১৫)। পুলিশ বলছে, সানাউরের হত্যাকারীদের ফেলে যাওয়া বোমার বিস্ফোরণে নাঈম মারা গেছে।
সানাউরকে হত্যার সময় তাঁর সঙ্গে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামানকেও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে তাঁর স্ত্রী সোনিয়া সুলতানা প্রথম আলোকে জানিয়েছেন। এ ঘটনায় মামলা করেছেন নিহত সানাউরের সেজো ভাই আনিছুর রহমান। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
>সানাউরের হত্যাকারীদের ফেলে যাওয়া বোমার বিস্ফোরণেই স্কুলছাত্র নাঈম ইসলাম মারা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ‘সব বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পাশের গ্রামে সড়কের পাশে একটি কাশবনে রক্তমাখা চাপাতি, পাঞ্জাবি, পায়জামা ও প্যান্ট ফেলে যায়। পোশাকগুলো আলামত হিসেবে রাখা হয়েছে।’
পুলিশের এক কর্মকর্তা ও কুষ্টিয়া জেলায় কর্মরত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উদ্ধার করা পোশাকগুলো ২০ থেকে ২৫ বছর বয়সী মানুষের ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে। পাঞ্জাবিটা ছোট। পাতলা গড়নের কারও হতে পারে এটি। পাঞ্জাবির দুই হাতায় বেশি রক্তের দাগ আছে।
পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব)। ঘটনার দিন দুর্বৃত্তদের ফেলে যাওয়া দুটি বোমা উদ্ধার করে আলামত হিসেবে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। এ ব্যাপারে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার করা বোমা দুটি শক্তিশালী। এর আগে বগুড়া ও টাঙ্গাইল থেকে এ ধরনের বোমা উদ্ধার করা হয়েছে।’
নিহত সানাউরের সেজো ভাই আনিছুর রহমান বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান রোববার রাতে বাড়িতে এসেছিলেন। তিনি (পুলিশ) সানাউরের বন্ধু ও তাঁর পরিচিত লোকজনের খোঁজখবর ও মুঠোফোন নম্বর নিয়ে গেছেন। পুলিশ সুপারও কয়েক ঘণ্টা কথা বলেছেন। তবে কোনো অগ্রগতি দেখছি না।’
এদিকে সানাউরের হত্যাকারীদের ফেলে যাওয়া বোমার বিস্ফোরণেই স্কুলছাত্র নাঈম ইসলাম মারা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। বিষয়টি জানিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা হয়েছে। থানার উপপরিদর্শক সহিদুল ইসলাম তদন্তকাজ চালিয়ে যাচ্ছেন।