কোমরে দড়ি বেঁধে নির্যাতন করলেন ইউপি সদস্য!
কোমরে দড়ি বেঁধে সাড়ে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে। মারধর করা হয়েছে তাঁকে। ওই ব্যক্তি একটি মামলার বাদী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। ওই মামলায় আদালত থেকে সমন আসায় ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য তাঁকে এভাবে অপমান করেছেন এবং তাঁর ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ বাজারের কাছে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হওয়া ব্যক্তির নাম মো. হুমায়ুন কবীর। তিনি উপজেলার চামারুল্লাহ গ্রামের বাসিন্দা।
গতকাল বিকেল পৌনে চারটার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ বাজারের উত্তর দিকে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় গিয়ে দেখা যায়, মো. হুমায়ুন কবীরের কোমরে রশি দিয়ে একটি বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেখানে অসংখ্য লোকের ভিড়। হুমায়ুন কবীর অভিযোগ করেন, চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন তাঁকে বেঁধে রেখেছেন। আর চামারুল্লাহ গ্রামের জুয়েল মিয়া তাঁকে জুতাপেটা করেছেন। এ ছাড়া কামালের বড় ভাই আছির উদ্দিন তাঁকে কিল-ঘুষি মেরেছেন।
মারধরের কারণ জানতে চাইলে হুমায়ুন বলেন, সম্প্রতি তাঁর স্ত্রীর মধ্যে ঘরের জিনিসপত্র নিয়ে পালানোর স্বভাব দেখা দেয়। এই কাজে মদদ দেন জুয়েল। তাঁর সংসারে হস্তক্ষেপ করায় তিনি জুয়েল ও কামাল উদ্দিনকে বিবাদী করে আদালতে একটি নালিশি মামলা করেছেন। ওই মামলায় আদালত থেকে সমন আসার পর ইউপি সদস্য কামাল উদ্দিন তাঁকে ধরে আনেন। পরে তাঁকে দড়ি দিয়ে বেঁধে রেখে মানুষের সামনে মারধর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, দ্বিতীয় বিয়ে করায় হুমায়ুনের স্ত্রী তাঁর কাছে নালিশ করেন। এ বিষয়ে কথা বলায় হুমায়ুন তাঁকে আসামি করে মামলা দিয়েছেন। সমন আসার পর তিনি হুমায়ুনকে এ বিষয়ে জিজ্ঞেস করেছেন মাত্র। মারধর করেননি। হুমায়ুনকে জনসমক্ষে কোমরে দড়ি বেঁধে রাখার বিষয়ে কামাল বলেন, তাঁকে পুলিশে দেওয়া হবে। কী অপরাধে পুলিশে দেবেন জানতে চাইলে তিনি (কামাল) একটি রড দেখিয়ে বলেন, এটি দিয়ে হুমায়ুন তাঁর স্ত্রীকে আঘাত করতে উদ্যত হয়েছিলেন। হুমায়ুনের প্রতিবেশী মো. কাঞ্চন মিয়া বলেন, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছে। এর ফায়দা লুটছে তৃতীয় একটি পক্ষ।
হুমায়ুনের স্ত্রী অভিযোগ করেন, তিনি পাঁচ মাস ধরে বাবার বাড়ি রয়েছেন। স্বামী তাঁকে ভরণপোষণ দিচ্ছেন না। তিন সন্তান নিয়ে খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন। বিচার চাওয়ায় স্বামী তাঁকেসহ গ্রামের আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পর বিকেল সাড়ে চারটার দিকে চামারুল্লাহ গ্রামে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা হুমায়ুনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তিনি আরও বলেন, মারধরের ঘটনায় হুমায়ুন থানায় অভিযোগ দিলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।