কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ীকে হত্যা
সিলেটের কোম্পানীগঞ্জে আবদুল আলী (৩৫) নামের এক পাথর ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জের কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল আলীর বাড়ি কোম্পানীগঞ্জ সদর গ্রামে। ভোলাগঞ্জ পাথর কোয়ারির একজন প্রভাবশালী পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত আবদুল আলী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাথর ব্যবসায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও তাঁর পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
গতকাল রাত আটটার দিকে যোগাযোগ করলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা কোপানোর পর গুলি করলে আবদুল আলী মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে তাঁর স্বজনেরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে পুলিশ লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, সশস্ত্র অবস্থায় একদল লোক আবদুল আলীকে আক্রমণ করে। তিনি তখন নৌকা দিয়ে কাটাগাঙ থেকে নামছিলেন। তারা প্রথমে রামদা দিয়ে তাঁকে কোপায়। পরে বুকে গুলি করে চলে যায়।
আবদুল আলীর ছোট ভাই আবদুল হক জানান, পাথর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তাঁরা ধারণা করছেন। তবে হামলাকারীরা কার লোক, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।