কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে এক গৃহবধূসহ ১০ জনকে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার টুকেরগাঁওয়ে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যক্তিদের মধ্যে টুকেরগাঁওয়ের বাসিন্দা আবদুল আজিজ (৬৫), তাঁর স্ত্রী জুলেখা বেগম (৫৫), মেয়ে হালিমা বেগম (৩৫) ও রুবি আকতারকে (২২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর পাঁচজনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, টুকেরগাঁওয়ের বাসিন্দা আবদুল জলিল ও কয়েকটি পরিবার এলাকার ৪২ শতাংশ খাসজমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন। তবে দীর্ঘদিন ধরে ওই জায়গা নিজের দাবি করে তা দখলমুক্ত করার চেষ্টা করছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে গতকাল সকালে ইয়াকুব আলীর পক্ষের লোকজন প্রতিপক্ষের তিনটি পরিবারের সদস্যদের মারধর করে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে আবদুল জলিলের পক্ষের আবদুল আজিজসহ ১০ জন আহত হন।

হামলায় আহত আবদুল জলিল অভিযোগ করেন, হামলাকারীরা তিনটি ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জলিল দাবি করেন, ভুয়া দলিল নিয়ে ইয়াকুব আলীর পক্ষের কিছু ভূমিদস্যু এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ইয়াকুব আলী জানান, ঘটনাটি তাঁর পক্ষের লোকজন ও জায়গায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে। বিষয়টি তিনি মীমাংসা করারও উদ্যোগ নিয়েছেন।

 এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, দুই পক্ষই জায়গার মালিকানা দাবি করছে। হামলা ও মারধরের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।