নোয়াখালীর কোম্পানীগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনুছ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।
তবে পুলিশ বলছে, সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পাওয়া গেলেও যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে বলে খবর বেরিয়েছে, ওই বাড়িতে গিয়ে এ-সংক্রান্ত কোনো আলামত পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চরপার্বতী ইউনিয়নের সামছুন্নাহার এলাকার ইউনুছ সরকারের বাড়িতে বসে বোমা তৈরি করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের লোকজন ওই বাড়ির দিক থেকে ধোঁয়া বের হতে এবং কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে দুই ব্যক্তিকে আহত অবস্থায় বের করে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখে।
ইউনুছ সরকারের বাড়ির বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘আমি ঘরের ভেতর থেকে বাইরে বিকট বিস্ফোরণের শব্দ শুনি। কিন্তু বাইরে বেরিয়ে কাউকে দেখিনি।’
চরপার্বতীর ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ উষা চন্দ্র মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যখন বিস্ফোরণ ঘটেছে, তখন তিনি উপজেলা সদরে ছিলেন। পরে খবর পান ইউনুছ সরকারের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আবু ছায়েদ ও কামাল নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ফেনীর দাগনভূঞা এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।’
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বিস্ফোরণের খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ইউনুছ সরকারের বাড়িতে বিস্ফোরণের শব্দ হওয়ার কথা জানা গেলেও বাড়ির সব কটি ঘরে তল্লাশি করে কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, বিস্ফোরণে নাকি দুজন আহত হয়েছেন। কিন্তু তাঁদের বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেনি কেউ।