কোম্পানীগঞ্জে হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারা যাওয়ার আগেই একটি শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে—এমন অভিযোগে একদল লোক গতকাল সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসা সহকারীকে পিটিয়ে আহত করেছে। এ সময় হাসপাতালে ভাঙচুর চালানো হয়।
হামলায় আহত চিকিৎসা সহকারী আবু নাছেরকে (৪২) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাঁকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলায় তাঁর মাথা ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সকালে উপজেলার বসুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের তিন বছরের ছেলে মিনহাজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। আত্মীয়স্বজনেরা তাকে সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাকছুদা সুলতানা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এরপর বেলা ১১টার দিকে শিশুটির আত্মীয়স্বজন ও হাসপাতালের আশপাশের কিছু লোক হাসপাতালে গিয়ে অভিযোগ করেন, মারা যাওয়ার আগেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা সহকারী আবু নাছের তাদের বোঝানোর চেষ্টা করলে তারা তাঁকে পিটিয়ে আহত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও স্বাস্থ্য পরিদর্শকের কক্ষসহ চারটি কক্ষের দরজা ও জানালা ভাঙচুর করে। পরে পুলিশ আসতে দেখে হামলাকারীরা হাসপাতাল ছেড়ে চলে যায়।
শিশু মিনহাজের বাবা বেলাল হোসেন দাবি করেন, তাঁর ছেলে মারা যাওয়ার আগেই তাকে মৃত ঘোষণা করা হয়।
অথচ বাড়িতে নেওয়ার পরও তাঁর ছেলে নড়াচড়া করছিল। বাড়িতে নেওয়ার পর সে মারা গেছে। এতে এলাকার লোকজন খেপে গিয়ে হাসপাতালে হামলা-ভাঙচুর করে বলে তিনি শুনেছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘তিনিও শিশুটিকে দেখেছেন। হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা গেছে। কিন্তু গুজব ছড়িয়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি চিকিৎসা সহকারীর ওপর হামলা চালায় এবং হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিকেল পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।