কোরবানি নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল-ভরট গ্রামে ঈদের দিন সকালে ইমাম দিয়ে পশু কোরবানি করানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে বুরুজ হোসেন (৩০) ও নুরুল ইসলাম (৫২) নামের দুজনকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, কুশমাইল-ভরট গ্রামের মসজিদের ইমামকে নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুলাল হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকেরা ইমাম আলী আজগারকে দিয়ে তাঁদের পশু কোরবানি না করানোর সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগ সমর্থকেরা আজমত আলীর নেতৃত্বে এর বিরোধিতা করেন। পরে ঈদের দিন সকালে উভয় পক্ষ ইমাম ও মোয়াজ্জিনকে দিয়ে গ্রামের দুই পাশ থেকে কোরবানি করানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে দুলালের ভাগনে ছকের আলী ইমাম আসতে দেরি হওয়ায় তাঁর নিজের গরুসহ স্বজনদেরটা নিজেই কোরবানি করে ফেলেন। খবর পেয়ে আজমত আলী গিয়ে দুলাল হোসেনের কাছে নিজেই কোরবানি করার কারণ জানতে চাইলে বাগ্বিতণ্ডা বাধে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনায় আজমত আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। বিএনপির সমর্থকেরা আবার হামলা ও গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছেন।