কোস্টগার্ডের বিরুদ্ধে সুন্দরবন থেকে গাছ কাটার অভিযোগ
সুন্দরবন থেকে অবৈধভাবে কেটে আনা সুন্দরী গাছের ১৭টি টুকরা জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রাজৈর খেয়াঘাট এলাকায় পুলিশ ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে। অভিযানের সময় তারা কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও বন বিভাগের দাবি, জব্দ করা সুন্দরী কাঠ কোস্টগার্ডের। কোস্টগার্ড ওই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, এই কাঠের সঙ্গে কোস্টগার্ডের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও পুলিশের একটি যৌথ দল সেখানে গিয়ে ট্রলারসহ সুন্দরবন থেকে অবৈধভাবে কেটে আনা সুন্দরী গাছের ১৭টি টুকরা জব্দ করে। এসব কাঠ ট্রলারে করে শরণখোলার রাজৈর খেয়াঘাট এলাকার একটি স মিলে চেরাই করতে নেওয়া হয়েছিল। এই কাঠ কোস্টগার্ডের বলে স মিলের শ্রমিকেরা জানিয়েছেন। জব্দ করা কাঠ সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আমির হোসাইন চৌধুরী বলেন, ‘কোস্টগার্ডের সাঁকো তৈরির কথা আমাকে জানানো হয়েছে। তবে ওই সাঁকো তৈরি করতে সুন্দরবনের সুন্দরী কাঠ কাটার অনুমতি কাউকে দেওয়া হয়নি। জব্দ করা সুন্দরী কাঠ কাটার সঙ্গে যদি কোস্টগার্ড জড়িত থাকে, তাহলে তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মেহেদী মাসুদ প্রথম আলোকে বলেন, কোস্টগার্ডের সুন্দরবনের সুপতি স্টেশনে জাহাজে কর্মরত সদস্যদের জাহাজ থেকে ওঠানামার জন্য একটি সাঁকো তৈরির কাজ চলছে। সাঁকো তৈরি করতে কাঠের প্রয়োজন। কিন্তু সেই প্রয়োজন মেটাতে কাউকে সুন্দরবনের গাছ কাটতে বলা হয়নি। পুলিশের হাতে জব্দ হওয়া কাঠের সঙ্গে কোস্টগার্ডের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।