কো-অপারেটিভের নামে শতকোটি টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের সংসারে স্বামীকে সহায়তা করতে বছর দুয়েক আগে মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে অফিস সহকারীর চাকরি নিয়েছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মঞ্জুয়ারা আক্তার। তবে তাঁকে কাজ করতে হয়েছে মূলত ডাচ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি প্রতিষ্ঠানের মাঠকর্মী হিসেবে।
ওই প্রতিষ্ঠানের হয়ে আমানত সংগ্রহ করে দিয়ে আয় করা তো দূরের কথা, উল্টো বিপাকে পড়েছেন মঞ্জুয়ারা। আমানতের সব টাকাই আত্মসাৎ করেছেন ওই প্রতিষ্ঠানের কথিত চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ঢাকা দক্ষিণের সমন্বয়ক।
শুধু মঞ্জুয়ারাই নন, আমানত সংগ্রহ করে তাঁর মতোই বিপাকে পড়েছেন অন্তত দেড় হাজার মাঠকর্মী, যাঁদের অধিকাংশই নারী। তাঁরা বিভিন্ন এলাকার গ্রাহকের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকার আমানত সংগ্রহ করে দিয়েছেন।
ওয়াসিম, নাজিম উদ্দিনসহ আরও কয়েকজন কর্মী বলেন, মেঘনার কার্যক্রম শুরু হওয়ার কয়েক বছরের মধ্যে জসিম উদ্দিন পর্যায়ক্রমে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া, সাভার বাসস্ট্যান্ড এলাকার নিউমার্কেটে এবং মানিকগঞ্জের সিঙ্গাইরের বাস্তা, চারিগ্রাম, জয়মন্টপে মেঘনার শাখা খুলে অন্তত দেড় হাজার কর্মী নিয়োগ করেন। মোটা অঙ্কের কমিশন আর বেতনের লোভ দেখিয়ে ওই সব কর্মীর মাধ্যমে শত শত গ্রাহক সংগ্রহ করেন। এক যুগে এভাবে অন্তত ১০০ কোটি টাকার আমানত সংগ্রহ করে আত্মসাৎ করেন তিনি। মেঘনার প্রিমিয়ারের টাকাও আত্মসাৎ করেন তিনি।
অথচ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত অনুমোদিত ব্যাংক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করতে পারে না। ডাচ মাল্টিপারপাসের এ ধরনের কোনো লাইসেন্স বা অনুমতি নেই।
এদিকে আমানতসহ মুনাফার টাকা না পেয়ে তিন দিন ধরে কর্মী ও আমানতকারীরা ভিড় করছেন সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার কথিত ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে। টাকা না পেয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগও করেন অনেক কর্মী ও গ্রাহক। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার জসিম উদ্দিনকে আটক করে সাভার মডেল থানার পুলিশ। কিন্তু থানার ওসি মোতালেব হোসেন মিয়া ওই দিন রাতেই তাঁকে ছেড়ে দেন।
মঞ্জুয়ারা বলেন, ২০১৩ সালে তিনি ৩০ হাজার টাকা জামানত দিয়ে মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাভার জোনাল কার্যালয়ে চাকরি নেন। কিন্তু ডাচ মাল্টিপারপাসের কর্মী হয়ে গত দুই বছরে তিনি অন্তত ১০ লাখ টাকার আমানত সংগ্রহ করে দেন। কিন্তু শর্ত অনুযায়ী টাকা ফেরত না দেওয়ায় গত সোমবার জসিম উদ্দিনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, জসিম উদ্দিন মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ঢাকা দক্ষিণের সমন্বয়কারীর দায়িত্ব পাওয়ার পর ২০০৩ সালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের পাশে মোল্লা টাওয়ারের ছয়তলা ভবনের তিন, চার, পাঁচ ও ছয়তলা ভাড়া নিয়ে মেঘনার আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে ডাচ মাল্টিপারপাসের কার্যক্রম চালাতে থাকেন।
জানতে চাইলে জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এক যুগে কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে আমানত হিসেবে প্রায় ৩০ কোটি টাকা সংগ্রহ হয়েছে। এর মধ্যে কয়েক কোটি টাকা লোকজনের মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। কয়েক কোটি টাকায় তাঁর নামে জমি কেনা হয়েছে। এসব কারণে শর্ত অনুযায়ী আমানতকারীদের মুনাফা আর আমানতের টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না।
সাভার মডেল থানার ওসি মোতালেব হোসেন মিয়া বলেন, এক গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে জসিমকে ধরে আনা হয়েছিল। তাঁর টাকা ফেরত দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।