কোকেনের অস্তিত্ব মিলল সিআইডির পরীক্ষাগারেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাসায়নিক পরীক্ষাগারেও সূর্যমুখী তেলের চালানের নমুনা পরীক্ষায় কোকেনের অস্তিত্ব মিলেছে। এ-সংক্রান্ত চিঠি চট্টগ্রাম আদালত ও মামলার তদন্ত কর্মকর্তার কাছে সিআইডির পক্ষ থেকে পাঠানো হয়েছে।
ঢাকায় সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ১০৭টি ড্রাম থেকে সংগ্রহ করা ১০৭টি নমুনার (২০০ মিলিমিটার করে) মধ্যে একটিতে কোকেনের আলামত পাওয়া গেছে। পরীক্ষার ফল জানিয়ে আদালত ও তদন্ত কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।
পুলিশের তথ্যের ভিত্তিতে গত ৬ জুন কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়।
সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের সহকারী রাসায়নিক পরীক্ষক নজরুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় চট্টগ্রামে সিআইডির পরীক্ষাগারে (ল্যাবে) পরীক্ষা না করে ঢাকায় সিআইডির রাসায়নিক ল্যাবে পরীক্ষা করা হয়। প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার সাহাকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে এই পরীক্ষা-নিরীক্ষার কাজ করা হয়। পরীক্ষায় একটি কৌটায় (নমুনা) কোকেনের আলামত পাওয়া গেছে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, সিআইডির রাসায়নিক পরীক্ষায়ও কোকেন শনাক্ত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে পরীক্ষার ফলাফলের চিঠিটি এখনো তাঁর হাতে এসে পৌঁছায়নি।
৮ জুলাই বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দাসহ তিন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে চট্টগ্রাম বন্দরে জব্দ থাকা সূর্যমুখী তেলের চালানের ১০৭টি ড্রামের প্রতিটি থেকে তিনটি করে মোট ৩২১ কৌটা নমুনা সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তা। এসব নমুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ড্রাগস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম।