কোচ সম্প্রদায়ের দম্পতিকে মাথা ন্যাড়া করে 'শাস্তি'
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রাম্য সালিসে কোচ সম্প্রদায়ের এক দম্পতিকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে। অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই সম্প্রদায়ের মাতব্বরেরা এই ‘শাস্তি’ দেন।
ফুলবাড়িয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোচ সম্প্রদায়ের এক নারী (৩০) মাঝে মাঝে প্রতিবেশী একটি মুসলিম পরিবারে যেতেন। ওই সম্প্রদায়ের সদস্যরা বিষয়টি মেনে নিতে পারছিলেন না। তাঁদের অভিযোগ, ওই বাড়ির কারও সঙ্গে এই নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে। তাঁরা ওই নারীকে গালাগাল করতেন এবং সেখানে যেতে নিষেধ করতেন। গত বুধবার ওই নারী প্রতিবেশী মুসলিম বাড়িতে যান। সেখান থেকে ফেরার পর সম্প্রদায়ের সদস্যরা তাঁকে শাসান। এর জের ধরে বুধবার রাত ১২টার দিকে কোচ সম্প্রদায়ের শতাধিক সদস্যের উপস্থিততে সমাজপতিরা (মাতব্বর) সালিসে বসেন। অনৈতিক সম্পর্কের শাস্তি হিসেবে ওই নারী ও তাঁর স্বামীকে (৪০) ডেকে এনে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার জুতার মালা পরিয়ে ওই দম্পতিকে গ্রামে ঘোরানো হয়। সালিসে সম্প্রদায়ের সদস্যদের খাওয়ানোর জন্য এই দম্পতিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাত দিনের মধ্যে টাকা দিতে না পারলে তাঁদের গ্রামছাড়া করা হবে বলে সিদ্ধান্ত হয়। শনিবার এ ঘটনা জানাজানি হলে রাতে ফুলবাড়িয়া থানার পুলিশ ওই গ্রামে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, ‘ঘটনা শোনার পর ওই গ্রামে অভিযান চালিয়েছি। সালিসে উপস্থিত মাতব্বরদের কাউকে পাইনি। তাঁরা পলাতক রয়েছেন। নির্যাতনের শিকার ওই দম্পতি পুলিশের কাছে অভিযোগ করতে রাজি হয়নি।’ কোচ সম্প্রদায়ের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, ওই সম্প্রদায়ের কেউ এ ধরনের অন্যায় (অনৈতিক সম্পর্ক) করলে তাঁকে শুদ্ধ করার জন্য এসব শাস্তি দেওয়া হয়।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি লইচ জেংচাম বলেন, ‘সালিসের বিষয়টি আমাকে জানানো হয়নি। পরে বিষয়টি জেনেছি। সালিসে যা করা হয়েছে, সেটি অন্যায়।’