কোচিং না করায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি ৩৫ শিক্ষার্থীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের কোচিং ক্লাসে অংশ না নেওয়ায় দশম ও অষ্টম শ্রেণির ৩৫ শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষার কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে গতকাল শনিবার ওই দুই শ্রেণির ৩৫ শিক্ষার্থী তাদের নির্ধারিত ভূগোল পরীক্ষায় অংশ নিতে পারেনি।
বরগুনার আমতলী উপজেলার চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে, চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির কয়েক মাস ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং ক্লাস করার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন।
গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ডেকে পুনরায় তিনি (প্রধান শিক্ষক) বাধ্যতামূলক কোচিং ক্লাসে আসার জন্য নির্দেশ দেন। কেউ কোচিং করতে না এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শাসিয়ে দেন। গতকাল শনিবার সকালে দশম শ্রেণির ভূগোল পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে। এ সময় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাবিহা, লুনা, নাসরিন, জাহিদ, জাকারিয়া, তানজিলা, মাসুম বিল্লাহ ও মেহেদী হাসান এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিনা, শাকিল, সায়েম, সাব্বির, বনি, মহিমা, শারমিন, মেহেরুন্নেছা, সজীবসহ অন্তত ৩৫ শিক্ষার্থীকে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন প্রধান শিক্ষক। বৃহস্পতিবার রাতে কোচিং ক্লাসে না আসায় প্রধান শিক্ষকের নির্দেশে তাদের পরীক্ষার কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলে ওই শিক্ষার্থীরা অভিযোগ করে।
এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে প্রধান শিক্ষক শাহজাহান কবির শিক্ষার্থীদের জানিয়ে দেন যে কোচিং ক্লাসে না এলে বিদ্যালয়ে আসার প্রয়োজন নেই। পরে শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যায়।
এ ব্যাপারে দশম শ্রেণির শিক্ষার্থী সাবিহা ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিনা গতকাল শনিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দেয়।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবিহা জানায়, বৃহস্পতিবার প্রধান শিক্ষক বিদ্যালয়ের পাঠদান শেষে রাতে প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে বাধ্যতামূলক কোচিং ক্লাসে আসার নির্দেশ দেন। ওই দিন রাতে যারা কোচিং ক্লাসে উপস্থিত হয়নি, তাদের সবাইকে তিনি শনিবার পরীক্ষার হল থেকে বের করে দিয়েছেন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিনা অভিযোগ করে, যেসব শিক্ষার্থী কোচিং ক্লাস করে না, তারা পরীক্ষায় ভালো নম্বর পেলেও তাদের কম নম্বর দেওয়া হয় এবং যারা কোচিং করে তাদের বেশি নম্বর দেওয়া হয়। যে শিক্ষার্থীরা কোচিং করে তাদের পরীক্ষার আগের দিন রাতে প্রধান শিক্ষক প্রশ্নপত্র দিয়ে দেন। সাবিনা জানায়, ‘প্রধান শিক্ষক আমাকে ঘাড় ধরে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন।’
বিদ্যালয়ের অভিভাবক স্বপন আকন ও মকবুল মাতুব্বর বলেন, ‘অনেক পরিবারের সাধ্য নেই সন্তানদের কোচিং করানোর। কিন্তু এভাবে জোর করে কাউকে দিয়ে কোচিং করতে বাধ্য করা অন্যায়। আমরা প্রধান শিক্ষকের এই জবরদস্তির বিচার চাই।’
প্রধান শিক্ষক শাহজাহান কবির অভিযোগ অস্বীকার করে গতকাল শনিবার বিকেলে বলেন, ‘আমি কাউকে কোচিং ক্লাস করতে বাধ্য করিনি এবং পরীক্ষার হল থেকে নামিয়েও দিইনি। তবে কেন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেন বলেন, ‘আমি শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’