কোচিং সেন্টারে ঢুকে শিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা শহরের কসাইপট্টি মহল্লায় গতকাল সোমবার কোচিং সেন্টারে ঢুকে পাবনা জিলা স্কুলের সমাজিকবিজ্ঞান বিষয়ের শিক্ষক আদ্যনাথ ঘোষকে (৪২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি শহরের থানপাড়া মহল্লার বাসিন্দা।

মহল্লার কয়েকজন বাসিন্দা জানান, শিক্ষক আদ্যনাথ দীর্ঘদিন ধরে এই মহল্লায় বাসা ভাড়া নিয়ে ‘প্র্যাকটিস এডুকেশন সেন্টার’ নামে তৃতীয় শ্রেণির ভর্তি কোচিং সেন্টার চালান। তিনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য এখানে শিক্ষক হিসেবে রয়েছেন। শহরে কোচিং সেন্টারটির বেশ সুনাম রয়েছে। শহর ও আশপাশের বিভিন্ন এলাকার কয়েক শ শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে কোচিং করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষক আদ্যনাথ কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছেলেন। এ সময় মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত এসে কোচিং সেন্টারে ঢুকে তাঁকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটায় ও চাপাতি দিয়ে কোপাতে শুরু করে। এ সময় শ্রেণিকক্ষে থাকা শিশুরা চিৎকার-চেঁচামেচি শুরু করে ও ভয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকে। শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে পাঁচ–ছয়টি শিশু আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জেলার সুজানগর উপজেলার উলাট গ্রামের মো. সলিমুল্লাহ জানান, তাঁর ছেলে কোচিং সেন্টারে ক্লাস করছিল। আতঙ্কে সে পাশের একটি বাড়িতে গিয়ে লুকায়। ঘটনার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা পরে তাকে পাওয়া গেছে। তখনো সে ভয়ে কাঁপছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসানুল হক প্রথম আলোকে বলেন, ‘কোচিং ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা তদন্ত শুরু করেছি। শিক্ষক আদ্যনাথ চিকিৎসাধীন রয়েছেন। কিছুটা সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলা হবে।’