কোচিং সেন্টারে শিক্ষার্থীকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের বৈদ্যপাড়ায় একটি কোচিং সেন্টারে এক শিক্ষক ঘণ্টি বাজানোর হাতুড়ি দিয়ে শিক্ষার্থীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত রোববার বিকেলে অনির্বাণ ক্যাডেট কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, বেলা দুইটায় আবদুল্লাহ আল আবিদ নামের সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী কোচিংয়ে গেলে শ্রেণিকক্ষে বসা নিয়ে সাদ নামের এক সহপাঠীর সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে সাদ কোচিংয়ের গণিত শিক্ষক শহিদুল ইসলামের কাছে নালিশ করে। শিক্ষক ক্ষিপ্ত হয়ে আবদুল্লাহকে ঘণ্টি বাজানোর হাতুড়ি দিয়ে বেধড়ক পেটান। বিকেল পাঁচটায় ছুটির পর সহপাঠীরা আবদুল্লাহকে তার বাড়িতে পৌঁছে দেয়।
আবদুল্লাহর মা সেলিনা আক্তার বলেন, বাসায় ফিরে আবদুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সে ঘটনা খুলে বলে। এরপর তার সারা শরীর ফুলে উঠতে থাকে এবং যন্ত্রণায় কাতরাতে থাকে। রাতেই ছেলেকে নিয়ে বরিশাল কোতোয়ালি থানায় যান তাঁরা এবং লিখিত অভিযোগ দেন। পরদিন সোমবার সকালে আরও অসুস্থ হয়ে পড়লে ছেলেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ প্রসঙ্গে শিক্ষক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আবদুল্লাহ ওই দিন সাদ নামের তার এক সহপাঠীকে সামনের বেঞ্চ থেকে তুলে দিয়ে নিজে সেখানে বসে। এরপর আমার কাছে সাদ নালিশ দিলে আমি গিয়ে সাদকে তার স্থানে বসিয়ে দিই। আমি চলে আসার পর সাদকে অশ্লীল ভাষায় গালাগাল দেয় আবদুল্লাহ। সাদ কাঁদতে কাঁদতে আমার কাছে আসে। এরপর আমি আবার ক্লাসে গিয়ে আবদুল্লাহকে চার-পাঁচটি পিটান দিই। এটা যদি দোষের হয়ে থাকে, তবে আমি দুঃখিত। কারণ আবদুল্লাহ সেদিন যে আচরণ করেছে, সেটা গর্হিত। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হবে, এটা ভাবতে পারিনি।’
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটকের চেষ্টা করছি। এ জন্য ওই কোচিং সেন্টারে পুলিশ অভিযান চালালেও তাঁকে পাওয়া যায়নি।’