কোচিংয়ে প্রশ্ন ফাঁস হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়গুলোতে কোচিং সেন্টার বন্ধ করতে হবে। এগুলোয় শিক্ষার নামে বাণিজ্য হচ্ছে। কোচিং সেন্টারে চুক্তি করে পড়ানো হচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। এ ছাড়া শিক্ষকেরা বাড়িতে প্রাইভেট পড়ানোর নামে হাট বসাচ্ছেন। এসব বন্ধ করতে হবে।
গতকাল মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শওকত আলী এ মন্তব্য করেন। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে হওয়া এ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটির আয়োজন করা হয়। এর শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, নৈতিক শিক্ষার প্রধান কেন্দ্র হলো পরিবার, দ্বিতীয় কেন্দ্র হলো শিক্ষাপ্রতিষ্ঠান। শিশুদের নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। বিদ্যালয়গুলোতে ‘সততা স্টোর’ চালু করতে হবে। বৃত্তি বা গোল্ডেন জিপিএ না পেয়েও ভালো কিছু করা যায়। প্রকৃত শিক্ষাটাই হলো আসল কথা।
এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা শিক্ষকসংকটের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের উদ্দেশ করে বলেন, বিদ্যালয়গুলোকে রাজনীতির কেন্দ্র বানাবেন না। রাজনৈতিক বিবেচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদেকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার।