কোচের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে স্মারকলিপি
যৌন নিপীড়নের অভিযোগে ক্রিকেট কোচ আবু সামাদের দ্রুত শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর খায়রুল আলমের বরাবরে স্মারকলিপি দিয়েছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ দিনাজপুরের পাঁচটি সংগঠন। পাশাপাশি রংপুর বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বরাবরে এর অনুলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ১ জুন দিনাজপুর বড় মাঠে স্পোর্টস ভিলেজে ক্রিকেট খেলা অনুশীলন করার সময় আহত এক কিশোরী ক্রিকেটার যৌন নিপীড়নের শিকার হয়। এখনো যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ আবু সামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এতে খেলার মাঠ থেকে সম্ভাবনাময় প্রমীলা ক্রিকেটাররা সরে যেতে শুরু করেছে। সামাদ আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। লজ্জায় নিপীড়নের শিকার মেয়েরা কাউকে কিছু না বলে ক্রিকেটাঙ্গন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
তারা দাবি করে, সমস্যা নিরসনে শিগগিরই ক্রিকেট কোচ আবু সামাদকে জেলা ক্রীড়া সংস্থাসহ ক্রীড়াসংশ্লিষ্ট সব প্রকার পদ থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক আবুল কালাম আজাদ, আমরাই পারি জেলা কমিটির সদস্যসচিব শাহানাজ পারভীন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত প্রমুখ। তাঁরা বলেন, জেলা প্রশাসক তাঁদের আশ্বস্ত করেছেন, খুব শিগগির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সুরাহা করা হবে।