কোটচাঁদপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি করতে ঘরে ঢুকেছে, এই অভিযোগে গ্রামের জামাইকে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী। নিহত জামাইয়ের নাম ফারুক হোসেন (৪০) ওরফে জামাই ফারুক। তাঁর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার গাজিরহাট গ্রামে। আর ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড়-বামনদা গ্রামে।
গ্রামবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত তিনটার দিকে হঠাৎ চিৎকার শুনতে পাওয়া যায়। চোর চোর বলে চিৎকার শোনার পর গ্রামবাসী বের হয়ে ফারুক হোসেনকে পালাতে দেখেন। এই অবস্থায় গ্রামের লোকজন তাঁকে ধরে ফেলেন এবং চড়থাপ্পড় মারলে তিনি চুরি করতে যাওয়ার কথা স্বীকার করেন। পরে গ্রামের উত্তেজিত লোকজন আরও মারপিট করলে ফারুক অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নেওয়া হলে সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
গ্রামের রইচ উদ্দিন জানান, ফারুক হোসেন রাত তিনটার দিকে তাঁদের ঘরের একটি জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। বাড়ির লোকজন টের পেয়ে গেলে ফারুক তাঁদের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান। এ সময় তাঁরা চোর চোর বলে চিৎকার করেন। তাঁদের চিৎকারে গ্রামের লোকজন বের হয়ে ফারুককে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত লোকজন তাঁকে মারপিট করেন। পরে ফারুক অসুস্থ হয়ে পড়লে কোটচাঁদপুর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় ফারুক হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, ফারুক তেমন কোনো কাজ করতেন না। তা ছাড়া গ্রামের আমিরুল ইসলামের ঘরে প্রবেশ করেছেন বলে তাঁর বাড়ির লোকজন অভিযোগ করেছেন। তবে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় নিয়ে এসেছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে ফারুকের স্ত্রী মর্জিনা খাতুন জানান, রাতে তাঁরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে ফারুকের মোবাইলে একটি ফোন আসে। এই ফোন পেয়ে তিনি বেরিয়ে যান। এ সময় তিনি স্বামীকে প্রশ্ন করলে বলেন, একজনের একটা সমস্যা হয়েছে, তাঁরা ডাকছেন। কিছু সময়ের মধ্যে চলে আসবেন। তিনি অভিযোগ করেন, ফারুককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে চোরের অপবাদ দেওয়া হচ্ছে। তাঁর নামে আগে কোনো অভিযোগ নেই। তিনি আরও বলেন, তাঁর স্বামী কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে চুক্তিভিত্তিক এমএলএসএস পদে চাকরি করতেন। চার-পাঁচ মাস আগে ওই পদে আরেকজনকে নেওয়া হয়েছে। এরপর থেকে তিনি বেকার ছিলেন, তবে তিনি চোর নন।