কোটালীপাড়ায় সড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিনটি সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোটালীপাড়া সদরের শুয়াগ্রাম মতির মোড় এলাকা থেকে রেইনট্রিগাছ তিনটি একটি মাদ্রাসার উদ্যোগে কেটে নেওয়া হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লাল হোসেন বলেন, ‘ওই গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে রোপণ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী এই গাছের লভ্যাংশের ৪০ ভাগ সমিতি এবং ৬০ ভাগ সরকারের পাওয়ার কথা। অথচ আমাদের না জানিয়ে গাছ তিনটি কেটে ফেলা হলো।’
সহকারী কমিশনার (ভূমি) কাজী তামজীদ আহমেদ বলেন, মাদ্রাসার উদ্যোগে সড়কের পাশের তিনটি রেইনট্রিগাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, কোটালীপাড়া উপজেলা সদর থেকে শুয়াগ্রাম রাস্তার পাশে দক্ষিণপাড় মৌজায় অবস্থিত মতির মোড় এলাকা থেকে একটি বড় ও দুটি ছোট রেইনট্রিগাছ গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কেটে ফেলা হয়। গাছ তিনটি কেটে নেন ওই এলাকার জামিয়া মাহমুদিয়া আরাবিয়া উনশিয়া মাদ্রাসার মোহতামিম নাসির উদ্দিন শেখ। ১ মার্চ বিষয়টি প্রশাসনের নজরে আসে। কোটালীপাড়ার ইউএনও জিল্লাল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে ২ মার্চ উনশিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার বালা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, মাদ্রাসার মোহতামিম নাসির উদ্দিন শেখের নির্দেশে মাদ্রাসার ছাত্র ও শ্রমিকেরা ওই গাছ তিনটি কেটে নেন। এ কথা নাসির উদ্দিন শেখও স্বীকার করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, কাটা গাছের টুকরাগুলো জব্দ করাা হয়েছে। এগুলোর মূল্য ৪০ হাজার টাকা।
মাদ্রাসার মোহতামিম নাসির উদ্দিন শেখ প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসার ছাত্রদের জন্য একটি ঘর নির্মাণের প্রয়োজন ছিল। এ কারণে ব্যবস্থাপনা কমিটি একটি সভা করে। ওই সভার পর সোহরাব হাওলাদার আমাকে ওই গাছ তিনটি কেটে নিতে বলেন। তিনটি গাছের মধ্যে একটি এক বছর আগে বজ্রপাতে মরে গিয়েছিল। আর সোহরাবের অনুমতি পাওয়ার পর আমি ছাত্র ও শ্রমিক নিয়ে গাছ তিনটি কেটে ফেলি। এ জন্য আমাদের পাঁচ দিন সময় লেগেছে।’
এলাকার সামাজিক বনায়ন কমিটির সভাপতি সোহরাব হাওলাদার বলেন, ‘মাদ্রাসার হুজুরেরা গাছ কেটেছেন। আমি গাছ কাটার অনুমতি দিইনি।’