কোটি টাকা নিয়ে উধাও আরডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার কয়েক শ গ্রাহকের প্রায় দুই কোটি টাকার আমানত নিয়ে উধাও হয়ে গেছে আরডিপি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। গত সোমবার প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন।
গ্রাহকেরা জানান, আরডিপির কোনো কর্মকর্তা-কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তাঁদের মুঠোফোনও বন্ধ।
ভুক্তভোগী গ্রাহক সূত্রে জানা যায়, ‘আমরা গড়ব আপনার স্বপ্ন’ স্লোগান নিয়ে উপজেলার চৌরাস্তা এলাকার তালুকদার ভবনের তৃতীয় তলা ভাড়া নিয়ে ২০১৩ সালে কার্যক্রম শুরু করে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আরডিপি) নামের প্রতিষ্ঠানটি। অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে মাসিক, দৈনিক ও মেয়াদি আমানত সংগ্রহ করেন। মাস দুয়েক আগে তাঁরা আমতলী পৌর এলাকার পল্লবী এলাকায় ইদ্রিস আলী নামে এক ব্যক্তির বাড়িতে কার্যালয় স্থানান্তর করেন।
আরডিপির গ্রাহক আমতলী শহরের ব্যবসায়ী মো. মিল্টন জানান, প্রতি লাখে ১ হাজার ৮০০ টাকা করে মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি আমানত সংগ্রহ করে।
আমতলীর পল্লবী এলাকার বাসিন্দা আবদুল মান্নান বলেন, মাসিক সঞ্চয় প্রকল্পে ওই প্রতিষ্ঠানে তিনি ৮ হাজার ৫০০ টাকা জমা দেন। কয়েক দিন আগে টাকা তোলার জন্য তিনি ব্যবস্থাপক আবদুল মান্নানের কাছে যান। তিনি গত সোমবার টাকা দেওয়ার কথা বলেন। কিন্তু সোমবার সংস্থাটির কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখা যায়। এরপর ব্যবস্থাপকের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
যে বাড়িভাড়া নিয়ে সংস্থাটির কার্যালয় খোলা হয়েছিল, সেই বাড়ির মালিক ইদ্রিস মিয়া জানান, তাঁর দুই মাসের ভাড়াই বাকি। আজ দেব, কাল দেব বলে তাঁরা টাকা দেননি।
গতকাল বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও প্রতিষ্ঠানটির আমতলী ও কলাপাড়া উপজেলার দায়িত্বে থাকা ব্যবস্থাপক আবদুল মান্নানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে, সুলতান আহম্মেদ প্লাজা (নবম তলা), ৩২ পুরানা পল্টন, ঢাকা।
প্রধান কার্যালয়ে যোগাযোগের জন্য কয়েকটি মুঠোফোন নম্বর দেওয়া থাকলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পর ওই সংস্থার কর্মকর্তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন জানান, জেলা প্রশাসকের নির্দেশে বিষয়টি সোমবার তিনি মাঠপর্যায়ে অনুসন্ধান করেন। এতে সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া প্রমাণ পাওয়া গেছে।