কোটি টাকা মূল্যের বিদ্যুতের তারসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার বিকেলে কোটি টাকার বেশি মূল্যের বিদ্যুতের অ্যালুমিনিয়ামের তারভর্তি একটি ট্রাক জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ওই তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এত বিপুল পরিমাণ তারসহ ট্রাক জব্দের ঘটনাকে কেন্দ্র করে রংপুরের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পীরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাকটি জব্দ করা হয়। পরে কাগজপত্র যাচাই করে সন্দেহ হলে ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কসা রানীগঞ্জ এলাকার জামাল উদ্দিনের ছেলে আবু সাঈদ (৪৮), তাঁর সহকারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সুমন মিয়া (৩২) ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শিবপুর গ্রামের বিজয় সেনের ছেলে টিপু সেন। টিপু সেন তারগুলো কিনেছেন বলে পুলিশকে জানিয়েছেন। তাঁর কাছে মালামাল ক্রয়ের চালানও রয়েছে।

টিপু সেনের উদ্ধৃতি দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, অ্যালুমিনিয়ামের তারগুলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) গ্রিড সংরক্ষণ বিভাগ (জিএমডি) রংপুর অফিসের সামনে থেকে ট্রাকে তোলা হয়। তারগুলো কার কাছ থেকে কেনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে ক্রয়ের চালানপত্রে স্বাক্ষর রয়েছে পিজিসিবির রংপুর অফিসের উপব্যবস্থাপক আবুল কাশেম, দীপক কুমার নন্দী এবং জিএমডির সন্তোষ কুমার ও সুবোধ কুমারের।

জব্দ করা তারের মোট পরিমাণ ২২ হাজার ৭০০ মিটার এবং এর মূল্য ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা বলে চালানে উল্লেখ রয়েছে।

পিজিসিবি রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তার ক্রয়ের চালানে যাদের নাম ও স্বাক্ষর থাকার কথা পীরগঞ্জ পুলিশ জানিয়েছে, এই নামে আমাদের রংপুর অফিসে কেউ নেই। এসব তার আমাদের নয়।’

এত বিপুল পরিমাণ তার নিয়ে যাওয়া হচ্ছিল রংপুর থেকে, এমন এক প্রশ্নের জবাবে শাহজাহান আলী বলেন, ‘যেহেতু আমাদের তার নয়, এ কারণে এর বেশি কিছু বলতে পারছি না।’