কোটি টাকা রাজস্ব, তবু উন্নয়ন নেই
নিষ্কাশনের কোনো পথ নেই। তাই সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। ময়লা আবর্জনা ও কাদায় একাকার। এর মধ্যেই বেচাকেনা চলছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে। গত শনিবার সরেজমিন ওই হাটে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
হাটের কয়েকজন ব্যবসায়ী, ক্রেতা ও হাটের ইজারাদারের প্রতিনিধি জানান, ধানসহ বিভিন্ন শাকসবজি, গরু, ছাগল ও গৃহস্থালি পণ্যের জন্য নেকমরদ হাট প্রসিদ্ধ। সপ্তাহে রোববারে এখানে হাট বসে। এ ছাড়া প্রতিদিনই বাজার বসে। এটি এখন জেলার সবচেয়ে বড় হাট। এই হাট থেকে প্রতিবছর কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। কিন্তু হাট উন্নয়নের বিষয়ে সরকার কোনো নজরই দিচ্ছে না।
২০০২ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ থেকে জারি করা সরকারি হাটবাজারের ইজারা পদ্ধতি, ব্যবস্থাপনা ও আয় বন্টনবিষয়ক নীতিমালা অনুযায়ী, হাট ইজারার শতকরা ১৫ টাকা সংশ্লিষ্ট হাটের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজে খরচ করার কথা। তবে যেসব হাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উন্নয়নমূলক কাজ করছে, সেসব হাটে শতকরা ১৫ টাকার পরিবর্তে প্রয়োজনে শতকরা ২৫ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া যাবে। আবার উপজেলার অন্য সব হাটের বিক্রয়ছাউনি, নলকূপ, গণশৌচাগার উন্নয়নের কাজের জন্য ইজারার শতকরা ১০ টাকা উপজেলা উন্নয়ন তহবিলে জমা করতে হবে। এ ছাড়া ইজারার শতকরা পাঁচ টাকা হাটটি যে ইউনিয়নে অবস্থিত সে ইউনিয়ন পরিষদকে অতিরিক্ত হিসেবে দেওয়ার নিয়ম রয়েছে।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বালিয়াডাঙ্গী-রানীশংকৈল আঞ্চলিক সড়কসংলগ্ন নেকমরদ হাটে স্থায়ী-অস্থায়ী মিলে হাজারের বেশি দোকান। বেশির ভাগ দোকানে নেই কোনো ছাউনি। কাঁচা তরকারি, হাঁস-মুরগিসহ অস্থায়ী বিক্রেতাদের বসার সুবিধাও নেই বাজারে। আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। বাজারের মূল সড়কসহ অভ্যন্তরীণ সংযোগ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
হাটের ইজারাদার তোজাম্মুল হকের প্রতিনিধি মুকুল বলেন, এ বছর এক কোটি তিন লাখ টাকায় হাটটি ইজারা দেওয়া হয়েছে। বৃষ্টি হলেই হাটে পানি জমে যায়।
হাটের ব্যবসায়ী আবদুল গফুরের অভিযোগ, অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার না হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য কোনো নালা না থাকায় পুরো বাজারই কাদাপানিতে একাকার হয়ে থাকে। ময়লা আবর্জনা ফেলার জন্য স্থায়ী ডাস্টবিন না থাকায় অনেকেই তা নিজ নিজ দোকানের আশপাশে ফেলে রাখে। প্রয়োজনীয়সংখ্যক নলকূপ না থাকায় দোকানিরা পানির কষ্টেও ভুগছেন। বর্ষাকালে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে ওঠে।
কাঁচামাল ব্যবসায়ী রতন রায়, ধান ব্যবসায়ী জয়েন উদ্দিন অভিযোগ করেন, বছরে কোটি টাকারও বেশি রাজস্ব আয় হয় এ হাট থেকে। কিন্তু হাটের কোনো উন্নয়ন হয় না। বিষয়টি জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি।
নেকমরদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, ইজারা বাবদ পাওয়া টাকা থেকে মাত্র পাঁচ শতাংশ বরাদ্দ রয়েছে হাট উন্নয়নের জন্য। এ টাকা দিয়ে উন্নয়ন কাজ করা সম্ভব না। এ জন্য বিশেষ বরাদ্দ প্রয়োজন।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম জানান, শিগগিরই হাট কমিটির সভা ডেকে হাটের মূল সড়কসহ অবকাঠামোগত উন্নয়নের কাজের ব্যবস্থা করা হবে।