কোটি টাকার কাজ ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ১ কোটি ১৬ লাখ টাকার কাজ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও কয়েকজন কাউন্সিলর ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গোপন সমঝোতার মাধ্যমে দরপত্র দাখিল করে এই বণ্টনের কাজ সারা হয়।
সাধারণ ঠিকাদারদের অভিযোগ, কাজ ভাগ-বাঁটোয়ারার জন্য গত সোমবার রাত ১০টার দিকে পৌরসভার কার্যালয়ে সমঝোতা বৈঠক বসে। তিন-চার ঘণ্টা ধরে চলে ওই বৈঠক।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এলাকার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কার এবং মসজিদের ঘাট নির্মাণে গত সপ্তাহে ১৪টি প্যাকেজের (গ্রুপ) মাধ্যমে ১ কোটি ১৬ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। শিডিউল বিক্রির শেষ দিন ছিল গত সোমবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী ও পৌরসভা কার্যালয় থেকে বিক্রি করা হয় দেড় শতাধিক শিডিউল।
এদিকে দরপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি প্যাকেজে তিনটি করে ৩৯টি দরপত্র ও একটি প্যাকেজে চারটি দরপত্র জমা পড়ে। ঠিকাদারদের ভাষ্য, একটি কাজের জন্য কমপক্ষে তিনটি দরপত্র দাখিলের নিয়ম। দেড় শতাধিক শিডিউল বিক্রি হলেও ১৩টি প্যাকেজে মাত্র এই তিনটি করে দরপত্রই জমা পড়েছে; বেশি জমা পড়েনি। দলের তহবিলে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও কতিপয় কাউন্সিলরই এসব দরপত্র জমা দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার অভিযোগ করেন, কাজ ভাগ-বাঁটোয়ারার জন্য সোমবার রাতে পৌরসভা কার্যালয়ে ডাকা ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, যাঁরা কাজ নেবেন, তাঁদের ৮ শতাংশ টাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বেলাল আহমেদের কাছে জমা দিতে হবে। সিদ্ধান্তে যাঁরা রাজি হয়েছেন তাঁদের কাজ দেওয়া হয়েছে।
পৌরসভার মেয়র বেলাল আহমেদ বলেন, ‘ভাগ-বাঁটোয়ারার বিষয়টি আমার জানা নেই। ৮ শতাংশ টাকা নিয়ে কাজ দেওয়ার অভিযোগ সঠিক নয়।’