কোটি টাকার কাজের লটারি করতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের তিনটি গুচ্ছের ১ কোটি ৩৫ লাখ টাকার কাজের লটারি না হওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে অন্য ৯৬টি গুচ্ছের লটারি হয়। অভিযোগ উঠেছে, উপজেলা চেয়ারম্যান তাঁর নিজের লোকদের দিয়ে কাজগুলো করাবেন বলে লটারি করতে দেননি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার বলেন, সম্প্রতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০১৪-১৫ অর্থবছরে টুঙ্গিপাড়ার ৯৯টি গুচ্ছের মোট তিন কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে অপেক্ষাকৃত বড় অঙ্কের তিনটি কাজ হলো ১০ লাখ টাকায় গিমাডাঙার গাজীবাড়ী সেতু থেকে মন্টুর বাড়ি পর্যন্ত সড়কে কার্পেটিং, ৬৫ লাখ টাকায় বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদের জন্য ১৩০টি ল্যাপটপ এবং ৬০ লাখ টাকায় ১২০টি প্রজেক্টর কেনা।
কাজগুলোর জন্য ১১ মে পর্যন্ত শিডিউল বিক্রি করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১২ মে। রোববার দুপুরে ৯৯টি কাজের মধ্যে ৯৬টির লটারি হয়। কিন্তু বড় অঙ্কের তিনটি কাজের কোনো লটারি হয়নি। দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বলেন, তিনটি কাজের কোনো লটারি হবে না। তাঁর নিজের লোকজন এ কাজগুলো করবেন।
গোপালগঞ্জ সদরের মেসার্স তোরাণ অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রমজান শিকদার বলেন, এ ঘোষণার পর দপ্তরে গোলযোগ ও হট্টগোলের সৃষ্টি হয়। এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও উপজেলা চেয়ারম্যানের মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউলাহ বলেন, ‘আমি তিন দিন ধরে অসুস্থ, হাসপাতালে ছিলাম। এ ব্যাপারে কিছু বলতে পারব না।’
উপজেলা প্রকৌশলী মঞ্জুর রশিদ দাবি করেন, ৯৯টি গুচ্ছের কাজেই লটারি হয়েছে। যেসব ঠিকাদার কাজ পাননি, তাঁরা এখন অপপ্রচার চালাচ্ছেন।