কোটি টাকার দরপত্রে অস্বচ্ছতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার একটি সড়ক নির্মাণকাজের প্রায় কোটি টাকার দরপত্র নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। ঠিকাদারদের অভিযোগ, একটি প্রতিষ্ঠানকে কাজটি পাইয়ে দিতে গোপনে দরপত্র-প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। কখন কীভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করা হলো, তথ্যটি জানেন না খোদ দরপত্র কমিটির সদস্যরাও।
কমিটির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ বলেন, সবকিছু শেষ করে প্রকৌশল অফিস থেকে তাঁর সামনে কাগজ ধরিয়ে দিয়ে স্বাক্ষর দিতে বলে। তখনই তিনি জানতে পারেন যে তিনি দরপত্র কমিটির সদস্য। তাই আর স্বাক্ষর করেননি।
জানতে চাইলে পৌর মেয়র আবুল হাসান বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ডোল বাজাইয়া তো আর টেন্ডারের কথা বলতে পারুম না।’ তাঁর দাবি, যা করা হয়েছে সবকিছু ঠিকমতোই হয়েছে।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ৮ নম্বর ওয়ার্ডের আফসর উদ্দিনের বাড়ি থেকে চান মিয়ার বাড়ি পর্যন্ত ১৮১০ মিটার পাকা (আরসিসি) সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটির ব্যয় ধরা হয় ৯৮ লাখ ১৮ হাজার ৪০০ টাকা। দরপত্র আহ্বান করে একটি ইংরেজি (নিউজ টুডে) ও একটি বাংলা (ইনকিলাব) দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল গত রোববার। শিডিউল পড়ে সাতটি।
ঠিকাদার গিয়াস উদ্দিন বলেন, প্রায় কোটি টাকার কাজ। আওয়াজ তো দূরের কথা, কেউ যেন টের না পায় তার ব্যবস্থা করেই দরপত্র-প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। আর এ কারণে মাত্র সাতটি শিডিউল বিক্রি হয়েছে। তাঁর দাবি, সাতটি শিডিউল বিভিন্ন নামে হলেও কিনেছে একটি প্রতিষ্ঠান। গিয়াস উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আরেক ঠিকাদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জিল্লুর রহমান বলেন, সাধারণত ১০ লাখ টাকার কাজ হলেই কারও অজানা থাকে না। তা ছাড়া প্রকৌশল অফিসের সঙ্গে ঠিকাদারদের সাধারণ যাতায়াত থাকে। কিন্তু এ ক্ষেত্রে প্রকৌশল অফিস এই দরপত্রের ব্যাপারে কাউকে কিছু জানায়নি।
প্যানেল মেয়র সেলিম মিয়া বলেন, ‘জানলাম না, বুঝলাম না কিসের টেন্ডার। টেন্ডারটিতে বড় ধরনের কিন্তু আছে।’ দরপত্র কমিটির আরেক সদস্য সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বেগম বলেন, ‘আমিও কিছুই জানি না। এখন সই দেওয়ার লাইগ্গা চাপ দিতাছে।’
প্রকৌশল বিভাগের কার্যসহকারী জসিম উদ্দিনের দাবি, শিডিউল কম বিক্রি হলেও কোনো অনিয়ম হয়নি। প্রকৌশলী লুৎফুর রহমানও একই দাবি করে বলেন, কেন শিডিউল কম বিক্রি হলো এবং ঠিকাদারেরা কেনইবা শিডিউল কিনতে আগ্রহী হলেন না, তা তো তাঁরা বলতে পারবেন না।