কোটি টাকার সম্পত্তিই হত্যাকাণ্ডের কারণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় চাঞ্চল্যকর মা-ছেলে হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। সপ্তাহ খানেক আগে জানা যায়, হত্যাকাণ্ডের বছর খানেক আগে মা ও ছেলের মধ্যে রহস্যময় কারণে কোটি টাকার সম্পত্তির বিনিময় ঘটে। এ ছাড়া ডাকঘরে মায়ের নামে থাকা ৯ লাখ টাকার একটি সঞ্চয়ী হিসাবেরও সন্ধান মিলেছে। হত্যাকাণ্ডের পেছনে এই টাকা ও সম্পত্তির ভাগ-বাঁটোয়ারার কোনো ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উপজেলার দেউলা গ্রামে ২০১৪ সালে মা আকলিমা খাতুন (৪৫) ও ছেলে জাহিদুল ইসলাম (২৫) নিজ ঘরে খুন হন। দুজনকেই গলা কেটে হত্যা করা হয়। এর পরপরই অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে বাগমারা থানায় মামলা করেন নিহত আকলিমার আরেক ছেলে দুলাল হোসেন। মামলাটি থানা-পুলিশ হয়ে তদন্তভার এখন বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে। মামলার চার আসামি বর্তমানে কারাগারে। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের ও আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আওয়ামী লীগের নেতা আবুল হোসেন নিহত জাহিদুলের চাচা। তবে হত্যাকাণ্ডের কারণ বলতে পারেননি হত্যাকারীরা।
নিহত আকলিমার ছেলে ও মামলার বাদী দুলাল হোসেন বলেন, ৩৫ বছর আগে তাঁর বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হয়। সেই ঘরে তাঁরা তিন ভাই-বোন রয়েছেন। এরপর দেউলা গ্রামের মুজিবুর রহমানকে বিয়ে করেন তাঁর মা। এই মুজিবুর রহমানেরও প্রথম পক্ষের স্ত্রীর ঘরে রয়েছেন তিন ছেলে-মেয়ে। বিয়ের পরে তাঁর মা ও মুজিবুর রহমানের ঘরে জন্ম নেন জাহিদুল। ২০ বছর আগে মুজিবুর রহমান মারা যান। তখন তাঁর মা দ্বিতীয় স্বামীর সম্পত্তির অংশীদার হিসেবে প্রায় ১০ শতক জমি ও বাড়ি পান। আর সন্তান হিসেবে জাহিদুল পান ৫০ শতক জমি।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর আলম গত সোমবার বলেন, হত্যাকাণ্ডের এক বছর আগে মা ও ছেলের মধ্যে সম্পত্তি বিনিময় হয়। একবার মা ছেলেকে নিজের সব সম্পত্তি লিখে দেন। পরে ছেলে আবার বাবা ও মায়ের তরফ থেকে পাওয়া সব সম্পত্তি মাকে লিখে দেন। দেউলা গ্রামে নিহত আকলিমা খাতুনের নামে দোতলা পাকা বাড়ি ছিল, যার মূল্য ৫০-৫৫ লাখ টাকা। অন্য জমির মূল্য প্রায় ৫০ লাখ হবে বলে জমি কেনা-বেচার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন। ছেলে জাহিদুলকে লিখে দেওয়ার পর তাঁর কাছ থেকে পাওয়া শুধু জমির মূল্যই দাঁড়ায় কোটি টাকার বেশি।
উপজেলার সাবরেজিস্ট্রি কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গত ২০১৩ সালের ২৩ অক্টোবর আকলিমা খাতুন তাঁর নামে থাকা বাড়ি ও ১০ শতক জমি ছেলে জাহিদুলকে লিখে দেন। পরে ছেলে জাহিদুল আবার তাঁর সমস্ত সম্পত্তি (ওই বাড়িসহ ৬২ শতক জমি) মায়ের নামে লিখে দেন। ভবানীগঞ্জ সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুল কুদ্দুস মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জমির দলিল সম্পাদনকারী দলিল লেখক ফয়েজ উদ্দিনও মা-ছেলে মধ্যে দুদফায় এ সম্পত্তি বিনিময়ের কথা নিশ্চিত করেছেন।
রাজশাহী জজ আদলতের সরকারি কৌঁসুলি ইব্রাহিম হোসেন ও বাগমারা দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, নিয়ম অনুযায়ী আকলিমার সব সম্পত্তি তাঁর গর্ভে জন্ম নেওয়া সব সন্তানের মধ্যে ভাগ হওয়ার কথা। তাঁর স্বামীর অন্য স্ত্রীর সন্তানেরা এ সম্পত্তির ভাগ পাবেন না। তবে জাহিদুলের নামে সম্পত্তি থাকলে এর অংশীদার জাহিদুলের মা ও বাবার সব সন্তানের মধ্যেই ভাগ-বাঁটোয়ারা হতো।
মায়ের নামে ডাকঘরে থাকা সঞ্চয়ী হিসাবের ৯ লাখ টাকা সম্পর্কে আকলিমা খাতুনের প্রথম পক্ষের সন্তান দুলাল হোসেন জানান, মা ও ভাই নিহত হওয়ার পর সবার সম্মতিতে ওই টাকা তাঁর মায়ের গর্ভজাত তিন ভাই-বোন ভাগাভাগি করে নিয়েছেন। মজিবুর রহমানের প্রথম পক্ষের তিন ছেলে-মেয়ে এই টাকা পাননি। তিনি দাবি করেন, সম্পত্তির কারণে খুন দুটি হয়েছে বলে তিনি বিশ্বাস করেন না। হত্যাকাণ্ডের সন্দেহে থাকা আওয়ামী লীগের নেতা আবুল হোসেনও ওই সম্পত্তির অংশীদার নন বলে জানান তিনি।