কোটি টাকার সোনা পাচারে বিমানকর্মী আটক

এবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৩০০ গ্রাম সোনাসহ বাংলাদেশ বিমানের এক কেবিন ক্রু ধরা পড়েছেন। আটক এই বিমানকর্মীর নাম মো. মাজহারুল আফসার।
আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে শুল্ক বিভাগ ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযানে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে মাজহারুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ছয়টি আইপ্যাড।
শুল্ক বিভাগের দাবি, আটক সোনার বাজারমূল্য সোয়া এক কোটি টাকা। এ ছাড়া আইপ্যাডগুলোর মূল্য ছয় লাখ টাকা। মাজহারুল আফসার আজ দুপুরে বাংলাদেশ বিমানের দুবাইয়ের ফ্লাইটে করে ঢাকায় আসেন।
১২৪ কেজি সোনা পাচারে জড়িত বিমানের ১০ কর্মীঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে বেলা পৌনে দুইটার দিকে মাজহারুল আফসারকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর দুই পায়ের মোজার ভেতর থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়।’ তিনি জানান, পাঁচটি বারের মধ্যে দুটির ওজন এক কেজি করে। বাকি তিনটি বারের প্রতিটির ওজন ১০০ গ্রাম করে।
এর আগে ২০১৩ সালের ২৪ জুলাই শাহজালাল বিমানবন্দরে ১২৪ কেজি সোনা বাংলাদেশ বিমানের এই উড়োজাহাজের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ বছরের অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের এক তদন্ত প্রতিবেদনে ১৪ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এর ১০ জনই হলেন বাংলাদেশ বিমানের কর্মচারী। এঁরা হলেন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট মেকানিক মো. মাসুদুর রহমান, এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট মো. আনিস উদ্দিন ভূইয়া, জুনিয়র ইন্সপেকশন অফিসার মো. শাহজাহান সিরাজ, ক্লিনিং সুপারভাইজার মো. আবু জাফর, জুনিয়র সিকিউরিটি অফিসার মো. কামরুল হাসান, প্রকৌশল হ্যাঙ্গারের মেকানিক ওসমান গনি, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদ, মেকানিক মজিবর রহমান, প্রকৌশল হ্যাঙ্গারের রায়হান, মাকসুদ।