কোদাল দিয়ে পিটিয়ে হত্যা
রাজশাহীতে এক গৃহবধূকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম মর্জিনা বেগম (৫৫)। তিনি নগরের শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়া এলাকার কোরবান আলীর স্ত্রী। ঘটনার পর থেকে কোরবান আলী পলাতক রয়েছেন।
পুলিশ বলেছে, গৃহবধূর মাথায় কোদালের আঘাত রয়েছে। লাশের পাশেই একটি কোদাল পড়ে ছিল। এ থেকে তারা ধারণা করছে, কোদালের আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মর্জিনার ভাই আজাহার আলী বাদী হয়ে নগরের শাহমখদুম থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে কোরবান আলীকে আসামি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, কোরবান আলী কাঠমিস্ত্রির কাজ করেন। কয়েক বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। সেই থেকে পবার মোল্লাপাড়া গুচ্ছগ্রামে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেশি সময় থাকেন। মাঝেমধ্যে ভুগরইল পশ্চিমপাড়া এলেও মর্জিনার সঙ্গে ঝগড়া হতো। বেশির ভাগ সময় মর্জিনা একাই বাড়িতে থাকতেন। তিনি সেলাইয়ের কাজ করতেন। গত সোমবার রাতে কোরবান আলী বাড়িতে আসেন। গভীর রাতে তাঁর বাড়ি থেকে কান্নাকাটি ও চিৎকার শোনা যায়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, প্রথমে গিয়ে তাঁরা দেখেন গৃহবধূর চোখ-মুখ রক্তমাখা। পরে পানি দিয়ে পরিষ্কার করে দেখেন, তাঁর মাথায় কোদালের উল্টো পিঠ দিয়ে আঘাতের চিহ্ন। তিনি আরও বলেন, এই বাড়িটি স্বামী-স্ত্রী দুজনের নামে। এ নিয়েও দ্বন্দ্ব হতে পারে। আবার কোরবানের আরেক স্ত্রী রয়েছেন। তা নিয়েও দ্বন্দ্বের সূত্রপাত ঘটতে পারে। এসআই আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।