কোদালের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে প্রতিবেশীর কোদালের আঘাতে গিয়াস উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে হাতিয়া থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। তারা লাশটি থানায় নিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইলিয়াস নামের এক প্রতিবেশীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নিহত ব্যক্তির শ্যালক আফছার হোসেনের ভাষ্য, কয়েক দিনের বৃষ্টিতে গিয়াসের বাড়ির সামনের চলাচলের পথে পানি জমে যায়। আজ সকালে গিয়াস কোদাল নিয়ে প্রতিবেশীর পুকুরের দিকে পানি সরাতে যান। এতে প্রতিবেশী বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াসের বুকে কোদাল দিয়ে আঘাত করেন প্রতিবেশী। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
হাসপাতালের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য বলেন, গিয়াসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কোদালের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন। ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
হাতিয়ায় অবস্থানরত নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালে গিয়ে লাশ দেখেছেন। শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখেননি। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হবে। লাশের ময়নাতদন্ত হবে।