কোন আক্রোশের বলি বেচারার বেগুনখেত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে যেসব বেগুনগুলো কাটা পড়েনি সেগুলো সংগ্রহ করেন মেজেক আলী। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে যেসব বেগুনগুলো কাটা পড়েনি সেগুলো সংগ্রহ করেন মেজেক আলী। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

খেতে প্রায় সাত হাজার বেগুনের চারা লাগিয়ে ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষক মেজেক আলী। হৃষ্টপুষ্ট বেগুনে ভরে গিয়েছিল খেত। এভাবেই ঝিলিক দিচ্ছিল মেজেক আলীর লাভবান হওয়ার আশা। কিন্তু এক রাতেই সে স্বপ্ন ধূলিসাৎ। গতকাল শুক্রবার রাতে কে বা কারা পুরো বেগুন খেতেই নির্মম তাণ্ডব চালিয়ে প্রায় সব বেগুনগাছ নিধন করে ফেলে। 

দক্ষিণ দৌলতদিয়া তোমছের মাতুব্বর পাড়ার এ ঘটনা ঘটে। এখন মেজেক আলীর মাথায় হাত। এক মাস আগে গত ১১ নভেম্বর রাতে তাঁর বেগুনের আরেকটি খেতে রাতের আঁধারে এমন তাণ্ডব চালানো হয়। দুই বিঘার ওই জমিতে লাগানো বেগুনগাছ কেটে ধ্বংস করে দেয় দুর্বৃত্তরা। কোন দোষে কারা এই সর্বনাশ করেছে, কিছুই আঁচ করতে পারেননি মেজেক আলী। এবারও দুই বিঘার বেগুনখেতে হামলে পড়েছিল দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ সকালে স্থানীয় কয়েকজন কৃষক খেতে কাটা অবস্থায় অসংখ্য বেগুন ও গাছ পড়ে থাকতে দেখে জমির মালিক মেজেক আলীকে খবর দেন। তিনি মাঠে গিয়ে দেখেন, দুই বিঘা (৬৬ শতাংশ) জমিতে লাগানো সাত হাজার গাছের মধ্যে ছয় হাজারেরও বেশি গাছ গোড়া থেকে কাটা ও অসংখ্য বেগুন কাটা অবস্থায় পড়ে আছে।

কৃষক মেজেক আলীর ভাষ্য এলাকার কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। জমিজমা সংক্রান্ত বা টাকা পয়সা নিয়েও কখনো কারও সঙ্গে বিরোধ তৈরি হয়নি। অথচ এভাবে একের পর এক রাতের অন্ধকারে দুর্বৃত্তরা হানা দিয়ে তাঁর বেগুনখেত ধ্বংস করে দিচ্ছে। তিনি জানান, প্রায় তিন মাস আগে এই জমিতে হাইব্রিড জাতের লাফা (গোল) বেগুনের চারা তিনি রোপণ করেন। ১৩ দিন আগে তিনি এই খেত থেকে পাঁচ মণ বেগুন ১৮ টাকা কেজি দরে বিক্রি করেন। আগামীকাল রোববার খেত থেকে আরও অন্তত ৬০ মণ বেগুন বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে দুর্বৃত্তদের এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডে তাঁর অন্তত চার লাখ টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন।
গত ১১ নভেম্বর রাতেও একই ধরনের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি গোয়ালন্দঘাট থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। এমন অবস্থায় এখন তিনি চরম হতাশায় ভুগছেন।

কাটা বেগুন নিয়ে খেতেই প্রতিবাদ জানান মেজেক আলী (ডানে) ও স্থানীয় অন্য কৃষকেরা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
কাটা বেগুন নিয়ে খেতেই প্রতিবাদ জানান মেজেক আলী (ডানে) ও স্থানীয় অন্য কৃষকেরা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

এভাবে দুর্বৃত্তদের একের পর এক দুষ্কর্মের প্রতিবাদে সকালে স্থানীয় কৃষকেরা ওই জমিতে মানববন্ধন করেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রাজ্জাক বলেন, এভাবে দুর্বৃত্তরা যদি ক্ষতি করতে থাকে, তাহলে কৃষকেরা আর ফসল বা সবজি ফলাতে আগ্রহ দেখাবে না। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম শাহজালাল বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি।