কোন্দল ও দরপত্র নিয়ে বিরোধের জেরে খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কোন্দল ও দরপত্র নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ খুন হয়েছেন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। হত্যাকাণ্ডের ২ মাস ২৫ দিন পর এ প্রতিবেদন দাখিল করা হলো। দুই পৃষ্ঠার এ প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের সময় ছাত্রলীগের অন্তত ১৫ জন নেতা-কর্মী সংঘর্ষে লিপ্ত ছিলেন।

তদন্ত কমিটির সদস্য মুহম্মদ আহসান উল্যাহ বলেন, ‘আমরা শুধু ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছি। এতে কোনো সুপারিশ দেওয়া হয়নি।’

তদন্ত কমিটি সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস উপাচার্যের দপ্তরে যান। সেখানে উপাচার্য অধ্যাপক আলী আশরাফের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। এ সময় তদন্ত কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক ও সদস্য ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মুহম্মদ আহসান উল্যাহ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৩১ জুলাই রাতে শোকের মাস আগস্ট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোমবাতি প্রজ্বালন শেষে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে বিপণনবিদ্যা বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর মাথার বাঁ পাশে গুলি লাগে। ১ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত হন আরও ১০ জন। এ ঘটনায় ১ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা ডাকে। সেখানে ওই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান কুন্ডু গোপীদাস বলেন, ‘উপাচার্য মহোদয়ের কাছে আমরা তিনজন গিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। এতে ঘটনার প্রেক্ষাপট ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।’