কোপ দিয়ে দৌড় দিলেন নেশাগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন বিকেল পাঁচটা। নিজের ঘরে ঘুমাচ্ছিলেন শরিফ। এ সময় প্রতিবেশী যুবক মিলন আসে তাঁদের বাড়িতে। এরপর তিনি শরিফের কক্ষে যান। আচমকা মিলন ওই ঘরে থাকা দা দিয়ে শরিফের গলায় কোপ দিয়ে দৌড়ে পালিয়ে যান। তাৎক্ষণিক শরিফকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

আজ রোববার বিকেলে সুবর্ণচর উপজেলায় চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফ ওই গ্রামের মো. নাছিরের ছেলে।

নিহত শরিফের ভাই আরিফ বলেন, তাঁদের সঙ্গে মিলনদের কোনো বিরোধ নেই। মিলন নেশাগ্রস্ত। সব সময় নেশা করেন। মাঝেমধ্যে তাঁদের বাড়িতে আসেন। আজও এসেছিলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গলাকাটা অবস্থায় শরিফ নামের এক ব্যক্তিকে সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে দেখছিলেন। এরই মধ্যে রোগী মারা গেছেন।

সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মিলন নামে নেশাগ্রস্ত প্রতিবেশী এক যুবক কোনো কারণ ছাড়াই শরিফদের ঘরে এসে বসেন এবং কিছুক্ষণ পর একই ঘরে থাকা দা দিয়ে শরিফের গলায় কোপ দেন। হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।