কোপে আহত ইমাম এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে দুর্বৃত্তদের কোপে আহত ইমাম মোস্তাফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় আজ মঙ্গলবার সকালে ঢাকায় আনা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহমদিয়া মুসলিম জামাতের মালিবাগ শাখার প্রধান আবদুল আওয়াল খান চৌধুরী বলেন, মোস্তাফিজুর ঈশ্বরগঞ্জের আহমদিয়া জামে মসজিদের ইমাম।

আহত মোস্তাফিজুরের বরাত দিয়ে ঘটনা সম্পর্কে আবদুল আওয়াল বলেন, গতকাল সোমবার রাতে ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে আহমদিয়া জামে মসজিদের কাছে মোস্তাফিজুরের ওপর হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁর মাথায় বাড়ি দেয়, পরে তাঁকে এলোপাতাড়ি কোপায়। গোঙানি শুনে আশপাশের বাড়ি থেকে নারীরা বের হয়ে এসে তাঁকে উদ্ধার করে মসজিদে নিয়ে যান। ওই সময় সেখানে আবাদুল আহাদ নামের আরেকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ মোস্তাফিজুরকে ঢাকায় নেওয়া হয়।