কোমরের বেল্টে ৮টি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চোখকে ফাঁকি দিতে কোমরের বেল্টে বিশেষ কৌশলে আটটি সোনার বার টেপ দিয়ে বেঁধে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রাম আসছিলেন এক ব্যক্তি। কিন্তু ফাঁকি আর দিতে পারেননি। পুলিশ রাজীব ধর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সোনার বারগুলো জব্দ করেছে।

আজ শুক্রবার নগরের মইজ্জারটেক এলাকায় তল্লাশি চালানোর সময় যাত্রীবাহী একটি বাস থেকে রাজীবকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানার পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চকরিয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাসে নগরের মইজ্জারটেক এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী রাজীব ধরের কোমরের বেল্টের সঙ্গে বিশেষ কৌশলে মোড়ানো আটটি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১৬৬ গ্রাম। এই হিসাবে সোনার বারগুলোর ওজন ১ কেজি ৩২৮ গ্রাম।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব ধর স্বীকার করেছেন, তিনি বারগুলো নগরের হাজারি গলিতে নিয়ে আসছিলেন। সেখানে বার গলিয়ে স্বর্ণালংকার তৈরির কথা ছিল। কিন্তু সোনার বারগুলোর কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এ ঘটনায় রাজীবের বিরুদ্ধে মামলা করা হয়েছে।