রাজশাহীতে গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে উধাও হওয়া পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা শরীফুল ইসলামকে (৪০) ধরে গ্রাহকেরাই উল্টো বিপাকে পড়েছেন। শরীফুলকে অপহরণের অভিযোগে গতকাল বুধবার পুলিশ একজন গ্রাহকের মেয়ের জামাইকে ধরে আদালতে সোপর্দ করেছে।
তবে ছাড়া পেয়ে যাওয়ার সময় শরীফুলকে সিআইডি পুলিশ প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে। শরীফুলের বাড়ি গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে। শরীফুলকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তির নাম মইনুদ্দিন খাজা। তাঁর বাড়ি পবার হরিপুর বাগানপাড়া গ্রামে। তাঁর শ্বশুর রবিউল ইসলাম এই কোম্পানিতে সাত লাখ টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছেন।
ওই কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন শরীফুল। তাঁর বিরুদ্ধে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার মুন্নাফ ব্যাপারী নামের এক ব্যক্তি ২০১৫ সালের ৩০ জুলাই আদালতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা করেন। সিআইডি পুলিশ মামলাটি তদন্ত করছে। সিআইডিতে শরীফুলের বিরুদ্ধে এ রকম দুটি মামলা রয়েছে। মামলায় কোম্পানির প্রধান কর্মকর্তা এন্তাজ আলীকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া আসামি করা হয়েছে মাঠকর্মী আবদুর রশিদ, তাঁর স্ত্রী কোহিনুর বেগম ও তাঁর ছেলে আবদুল্লাহ হীল কাফিকে।
মুন্নাফ ব্যাপারী বলেন, তিনি একজন ফেরিওয়ালা। রাস্তায় রাস্তায় ঘুরে প্রসাধনসামগ্রী বিক্রি করেন। পাঁচ বছরে টাকা দ্বিগুণ করার কথা শুনে তিনি এই প্রতিষ্ঠানে তাঁর স্ত্রী পারুল বেগমের নামে ২ লাখ এবং তাঁর মেয়ে মুন্নী আক্তারের নামে ৮৬ হাজার টাকা জমা দেন। মেয়াদ পূর্ণ হলে টাকা তুলতে গেলে তাঁরা তাঁর সঞ্চয় বই জমা নিয়ে পরের দিন যেতে বলেন। পরের দিন তিনি গিয়ে দেখেন, প্রতিষ্ঠানে তালা দিয়ে তাঁরা পালিয়ে গেছেন। তিনি মামলা করার পর দুর্নীতি দমন কমিশন ও বোয়ালিয়া থানা হয়ে মামলাটি বর্তমানে সিআইডির কাছে রয়েছে।
এদিকে শরীফুল ধরা পড়ার কথা শুনে অনেক গ্রাহক গত মঙ্গলবার নগরের রাজপাড়া থানায় গেলে পুলিশ তাঁদের ফিরিয়ে দেয়। এ রকম একজন সিরাজুল ইসলাম। তিনি বলেন, তিনি টাকা দ্বিগুণ হওয়ার কথা শুনে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে ২০ লাখ টাকা জমা রেখেছিলেন। তারা সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এই কোম্পানি রাজশাহী থেকে প্রায় ১৯ কোটি টাকা নিয়ে পালিয়েছে।
সিরাজুল বলেন, প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এন্তাজ আলীর শ্বশুর তারেক ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের প্রতিষ্ঠাতা। এন্তাজের সহযোগী ছিলেন শরীফুল। তাঁর মাধ্যমে টাকাপয়সা আদান-প্রদান হতো। মাঠকর্মী ছিলেন রশিদ ও কোহিনুর। রশিদের কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না। রশিদ তিনটি ঠিকানা ব্যবহার করতেন। রশিদ তাঁকে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের সদস্য হওয়ার জন্য প্রস্তাব করেছিলেন।
জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, শরীফুলকে আদালত চত্বর থেকে অপহরণ করা হয়েছিল। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে এনেছে। যাঁরা তাঁকে অপহরণ করেছিলেন, তাঁদের নামে শরীফুল থানায় মামলা করেছেন। মামলায় মইনুদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহী মহানগর সিআইডির উপপরিদর্শক (এসআই) কাউসার বলেন, তাঁর কাছে শরীফুলের নামে দুটি মামলা রয়েছে। গতকাল বুধবার তাঁকে এই মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।