কোম্পানীগঞ্জে ফের টিলাধসে শ্রমিক নিহত, ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে টিলাধসে আবারও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টিলার একটি গর্তে পাথর উত্তোলনের সময় মাটিধসে আনিসুর রহমান (৩০) নামের একজন পাথরশ্রমিক ঘটনাস্থলে নিহত হন। আবদুল গফুর ও মিজানুর রহমান নামের আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনের গর্ত ধসে পাঁচজন শ্রমিক নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও তিনজন। ১৮ দিনের মাথায় টিলাধসে শ্রমিক হতাহত হওয়ার দ্বিতীয় ঘটনা ঘটল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেছে। পাথর উত্তোলনে নিয়োজিত এক শ্রমিককেও আটক করেছে।
রাতে যোগাযোগ করলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনার পুনরাবৃত্তি ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলমকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। শ্রমিক হতাহত হওয়ার তথ্য সংগ্রহে থানার পরিদর্শকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।