কোম্পানীগঞ্জে বাসে ডাকাতির চেষ্টা, শিশুসহ আহত ৮
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টা করা হয়। এ সময় ডাকাতদের হামলায় এক শিশুসহ আটজন আহত হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এম আর পরিবহনের একটি বাস (নাইট কোচ) গত বৃহস্পতিবার রাতে ৪০ জন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে বাসটি কোম্পানীগঞ্জের কাটাখাল সেতু এলাকায় পৌঁছালে রাস্তার দুই পাশে থাকা ইঞ্জিন নৌকা থেকে ডাকাত দল বাসে পাথর ছোড়া শুরু করে। এ সময় যাত্রীরা চিৎকার শুরু করেন। একপর্যায়ে চালক বাসটি থামান। পরে একটি নৌকা থেকে কয়েকজন ডাকাত বাসে উঠে যাত্রীদের জিম্মি করেন। এ সময় মুঠোফোনে যাত্রীরা আক্রান্ত হওয়ার খবর আত্মীয়স্বজনদের জানান। খবর পেয়ে পুলিশ ও আশপাশ এলাকার লোকজন এগিয়ে গেলে ডাকাতেরা পালিয়ে যায়। তবে বাসে এলোপাতাড়িভাবে পাথর নিক্ষেপে গ্লাস ভেঙে সাইফুদ্দিন নামে আড়াই বছর বয়সী এক শিশু, তার মা লাইলী বেগমসহ (২৫) আটজন আহত হন। সাইফুদ্দিন ও লাইলীকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত তৈয়ব আলী, হেলাল আহমদ, মাহমুদ আলী, এমদাদুল হক, জমসেদ আলী ও রহিমা বেগমকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসচালক মকবুল মিয়া প্রথম আলোকে জানান, ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, পরনে ছিল লুঙ্গি ও হাফপ্যান্ট। বাসে যাত্রী কম ভেবে তাঁরা হামলা করেছিল। পরে আশপাশ এলাকার লোকজন ও পুলিশ এগিয়ে আসায় ডাকাতেরা পালিয়ে যায়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ডাকাতদের শনাক্ত করতে পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডাকাত দলের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।