কোম্পানীগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর গাঙচিলে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার রাত নয়টার দিকে গাঙচিলের হাশেম বাজারে ওই হামলার ঘটনা ঘটে। ওই যুবকের নাম মোহাম্মদ রাশেদ (৩৫)। তিনি চর এলাহী ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।
রাশেদের বাবা আবুল হাসেম অভিযোগ করেন, শনিবার রাত আটটার দিকে গাঙচিলের কিল্লার বাজার থেকে স্থানীয় এক যুবকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ছেলে রাশেদকে ধরে নিয়ে যায়। পরে সেখান থেকে তারা তাঁর ছেলেকে সিএনজিচালিত অটোরিকশায় হাশেম বাজারে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পেটাতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা তাঁর ছেলেকে মুমূর্ষু অবস্থায় বাজারে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
আবুল হাসেম বলেন, হামলাকারীদের সঙ্গে তাঁর ছেলের পূর্ববিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।