কোরবানির গরুবাহী ট্রাকে চাঁদাবাজির সময় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় কোরবানির গরুবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে গ্রেপ্তার করেছেন র্যা বের সদস্যরা। গত শুক্রবার শহরের সাতমাথা এলাকার শেরপুর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক দুজন হলেন বগুড়া শহরের চেলোপাড়া এলাকার আসাদুজ্জামান নূর ওরফে অনন্ত (২৫) এবং সূত্রাপুর এলাকার মাহমুদ হাসান (৩৮)। তাঁদের দুজনকেই গতকাল শনিবার সকালে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়। এরপর এক গরু ব্যবসায়ীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যা ব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির অধিনায়ক মেজর আজমল হোসেন খান বলেন, আটক চাঁদাবাজেরা কয়েক দিন ধরে তাঁরা উত্তরবঙ্গ থেকে রাজধানীগামী কোরবানির গরুবাহী ট্রাক থেকে চাঁদা তুলে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে শহরের সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার বলেন, চাঁদাবাজির ঘটনায় সিরাজগঞ্জের গরু ব্যবসায়ী লিটন মিয়া বাদী হয়ে আসাদুজ্জামান ও মাহমুদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।