কোরবানির পশুবাহী ট্রাক ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাট থেকে কোরবানির পশু কিনে রাজধানী ঢাকায় অবস্থানরত আত্মীয়স্বজনের বাড়িতে পাঠাচ্ছিলেন শিক্ষক মো. আমিনুল ইসলাম। আজ শুক্রবার ভোর চারটার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকসহ তাঁর পাঠানো পশুগুলো ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ট্রাকটির চালক রাসেল মিয়া (২৫) মুঠোফোনে এই ছিনতাইয়ের তথ্য শিক্ষক আমিনুলকে জানিয়েছেন। দুপুরে রাসেল মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, তিনি বনানী থানায় ঘটনাটি জানিয়ে এজাহার জমা দিয়েছেন। তাঁকে থানায় অপেক্ষা করতে বলেছে পুলিশ।

শিক্ষক আমিনুল আজ দুপুর সাড়ে ১২ টার দিকে প্রথম আলোকে বলেন, তিনি নান্দাইলের পংকরহাটি গ্রামের বাসিন্দা। একই গ্রামের ট্রাক (নম্বর ঢাকা-মেট্রো ন ১৮-৫২৮০) চালক রাসেল মিয়া তাঁর পরিচিত। তিনটি গরু ও একটি খাসি ঢাকায় অবস্থানরত আত্মীয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রাসেলের ট্রাক ভাড়া করেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে পশুগুলো নিয়ে রাসেল ঢাকায় রওনা করেন। আজ সকাল ১০টার দিকে রাসেল মুঠোফোনে ছিনতাইয়ের কথা জানান।

পরে মুঠোফোনে যোগাযোগ করলে রাসেল এ প্রতিবেদককে বলেন, ভোর চারটার দিকে মহাখালী ফ্লাইওভারের কাছে পৌঁছার পর ১০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ট্রাকের গতিরোধ করে এবং যানটিতে উঠে পড়ে। একজন তাঁর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দুর্বৃত্তদের একজন ট্রাকটি চালিয়ে আগারগাঁও তালতলা এলাকায় নিয়ে যায়। পরে অস্ত্রের মুখে রাসেলসহ ট্রাকের সঙ্গে আসা আরও দুজনকে সেখানে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা পশুসহ ট্রাকটি নিয়ে চলে যায়। বিষয়টি তিনি বনানী থানার পুলিশকে জানিয়েছেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।