'চাঁদা না পেয়ে' পশুর হাটে গুলি, নিহত ২
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার একটি পশুর হাটে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে জাহাঙ্গীর আলম (৪৫) ও হুমায়ুন কবির (৩৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন।
আজ সোমবার বিকেলে বাতেন মার্কেটের পশুর হাটের এই ঘটনার পর হাটে বেচা-কেনা বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গরুর হাটের ইজারাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ‘যুবলীগের সমর্থিত’ সন্ত্রাসীরা হাটে এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম হাটে গরু কিনতে এসেছিলেন। অপর নিহত হুমায়ূন কবির একটি প্রসাধনী কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁদের দুজনেরই বাড়ি সন্দ্বীপ পৌরসভা এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে ১০-১২ জনের একটি দল মোটরসাইকেলে চড়ে এসে হাটের ইজারাদার মো. মোকতার হোসেনকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে তারা হাটে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় গুলিতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম ও হুমায়ুন কবির মারা যান। গুলিতে আহত হন পাঁচ ব্যক্তি। আহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর হোসেন। বাকি চারজনের নাম জানা যায়নি।
স্থানীয় লোকজন বলেছেন, সন্ত্রাসীরা গুলি করতে করতে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর পরপরই পশু ব্যবসায়ী ও ক্রেতারা ভয়ে হাট ছেড়ে চলে যান। হাটে কেনা-বেচা বন্ধ হয়ে যায়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে জানান, সন্ত্রাসীরা গুলির পাশাপাশি দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন, নিহত দুজনের পুরো শরীরে ছিটা গুলির আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ইজারাদার মো. মোকতার হোসেন প্রথম আলোকে জানান, তিনি দুই লাখ টাকা দিয়ে পৌরসভার কাছ থেকে হাটটি ইজারা নেন। সপ্তাহের শুক্র ও সোমবার হাটটি বসে। তিনি বলেন, এই হাট ইজারা নেওয়ার পর থেকে ‘স্থানীয় যুবলীগ সমর্থিত’ ফজলে এলাহী ওরফে মিশু তাঁর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে হাট বসাতে পারবেন না বলে হুমকিও দিয়েছিলেন তিনি।
মোকতার হোসেন বলেন, সোমবার বিকেলে ফজলে এলাহীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে হাটে এসে তাঁকে খুঁজতে থাকে। ভয়ে তিনি হাট থেকে পালিয়ে যান। তাঁকে না পেয়ে একপর্যায়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে তারা। সন্ত্রাসীরা পশু বিক্রির হাসিল বাবদ পাওয়া প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন মোকতার।
এ ব্যাপারে জানতে ফজলে এলাহীর মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হয়। তবে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন সিকদার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এর পেছনে যুবলীগ নামধারী কিছু সন্ত্রাসী আছে বলে তাঁরা জেনেছেন। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ওসি মশিউর রহমানও রাতে প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।