কোরবানির ২২ পশুসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২
অবশেষে কোরবানির ২২ পশুসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে নাটোরের গুরুদাসপুর থানার পুলিশ। পাবনা সদর উপজেলার মালঞ্চি গ্রাম থেকে গত রোববার রাতে ছিনতাইকারী চক্রের সদস্য জহুরুল ইসলামের বাড়ি থেকে ট্রাকসহ ওই গরুগুলো উদ্ধার করে পুলিশ। এ সময় জহুরুলকে গ্রেপ্তার করা হয়।
পরে জহুরুলের তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ছিনতাইকারী চক্রের দলনেতা মাহমুদ হাসানকে (২৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার লাঙ্গলকোট থানার চৌগুরি গ্রামের ব্যবসায়ী মোস্তফা কামাল ও হুমায়ুন কবির কোরবানির ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর পশুর হাট থেকে ১৬ লাখ টাকায় ২২টি কোরবানির পশু কেনেন। পশুগুলো নিতে তাঁরা বাবু নামের এক দালালের মাধ্যমে একটি ট্রাক ভাড়া করেন। ট্রাকটি বৃহস্পতিবার রাতে গুরুদাসপুরের বিলব্যাসপুর এলাকা থেকে ছিনতাই হয়।
মোস্তফা কামাল গতকাল সোমবার বলেন, ট্রাকটির প্রকৃত চালক না চালিয়ে বদলি চালক রাজশাহীর জিন্নাহ ও তাঁর সহকারী ডালিম চালাচ্ছিলেন। ট্রাকটি গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা ছাড়ার পর বিলব্যাসপুর ৯ নম্বর সেতু পার হলে অপর একটি ট্রাক তাঁদের ট্রাকটির গতিরোধ করে। ওই ট্রাকে ১১-১২ জন ছিনতাইকারী ছিল। একপর্যায়ে ছিনতাইকারীরা ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তারা তাঁকে ও হুমায়ুনকে ট্রাকে উঠিয়ে নেয়। তাঁদের মুখ-হাত বেঁধে বেধড়ক মারপিট করে। পরে নাটোর-রাজশাহী মহাসড়কের হয়বতপুর দিয়ার পাথুরিয়া মসজিদের পাশে তাঁদের বস্তাবন্দী করে ফেলে দেয়। পরে মসজিদের লোকজন তাঁদের উদ্ধার করে। সর্বশেষ গুরুদাসপুর থানার পুলিশ গত রোববার গরুগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বলেন, ছিনতাইকারীরা সংঘবদ্ধ চক্রের সদস্য। এ ঘটনায় গত শুক্রবার মোস্তফা কামাল একটি মামলা করেন। গ্রেপ্তার জহুরুল ও মাহমুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের নিয়ে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।