কোস্টগার্ডের অভিযানে, অস্ত্রসহ আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনায় মাছ ধরার ট্রলার ডাকাতির অভিযোগে কোস্টগার্ড সদস্যরা অস্ত্রসহ ১০ জলদস্যুকে আটকের ঘটনার প্রতিবাদে স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতির ডাকে লাগাতার ৭২ ঘণ্টা হরতাল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে এ হরতাল ও ধর্মঘটের ডাক দেওয়া হয়। গতকাল শুক্রবার থেকে কর্মসূচি শুরু হয়। এ কারণে গতকাল হাতিয়া উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং সড়কে তেমন কোনো যানবাহন চলাচল করেনি।
নৌপথ অবরোধের কারণে হাতিয়ার কোনো ঘাট থেকেই জেলেরা গতকাল মাছ ধরতে নদীতে যাননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ কারণে হাতিয়াগামী এবং হাতিয়া থেকে দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লে. রাহাত উদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে হাতিয়ার ঢালচরের কাছে অভিযান চালিয়ে নদীতে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে একটি ট্রলারসহ ১০ জন জলদস্যুকে আটক করা হয়।
আটক দস্যুরা হলেন নুরনবী, মো. মোস্তাফিজ, দিদার হোসেন, সাহাব উদ্দিন, ছায়দুল হক, আবুল কালাম, আজমির হোসেন, মো. ভুট্টো, মজিবুল হক ও মো. করিম।
কোস্টগার্ড সূত্র জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বন্দুক, পাঁচটি গুলি, চারটি রামদা, আটটি ছোরা ও ১০টি ঢাল উদ্ধার করা হয়েছে। এঁরা দীর্ঘদিন ধরে নদীতে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় ও ট্রলার ডাকাতি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ভোলার মনপুরা থানায় সোপর্দ করা হয়।
এদিকে হাতিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন দাবি করেন, ইলিশ ধরার মৌসুমে মেঘনায় দস্যুদের হাত থেকে জেলেদের রক্ষা করতে চার মাস আগে তাঁরা দুটি টহলবোট নদীতে নামান। ওই টহলবোটের কারণে জেলেরা বর্তমানে শান্তিতে রয়েছেন।
হেলাল উদ্দিনের ভাষ্যমতে, বৃহস্পতিবার চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে কোস্টগার্ডের সদস্যরা ওই টহলবোটের ১০ জন নিরপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে যান এবং পরে তাঁদের কাছে অস্ত্র পাওয়া গেছে বলে প্রচার করে। এ ঘটনার প্রতিবাদে এবং কোস্টগার্ডের তৎপরতা বন্ধের দাবিতে মৎস্যজীবী সমিতি হরতাল আহ্বান করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, কোস্টগার্ড নদী থেকে অস্ত্রসহ ১০ ব্যক্তিকে আটক করেছে বলে শুনেছেন। ওই ঘটনার প্রতিবাদে মৎস্যজীবী সমিতির ডাকে হরতাল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।