কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক কারাগারে
দুর্নীতির মামলায় গ্রেপ্তার কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক কমোডর (অব.) সফিক-উর-রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন। আদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে আসামি সফিক-উর-রহমানকে আদালতে হাজির করে গ্রেপ্তার প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম সরকার। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিকে ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
দুদকের সহকারী উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ প্রথম আলোকে জানান, আসামির পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।
দুদকের একটি সূত্র প্রথম আলোকে জানায়, সংস্থার পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান চালিয়ে সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করে। অভিযানে আরও ছিলেন দুদকের দুই উপপরিচালক এস এম রফিকুল ইসলাম ও আহমেরুজ্জামান।
দুদক সূত্র জানায়, কোস্টগার্ডের প্রায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্টগার্ডের অনুকূলে ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। নিয়ম অনুযায়ী, ওই গম বিক্রির সুযোগ ছিল না। কিন্তু কোস্ট গার্ডের তৎকালীন মহাপরিচালক সফিক-উর-রহমান ওই গম বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি কতগুলো ভুয়া প্রতিষ্ঠানের কাছে নিজেদের খেয়াল খুশিমতো পাঁচ টাকা কেজি দরে গম বিক্রি করে। অথচ ওই সময় গমের বাজারমূল্য ছিল প্রতি কেজি ১১ টাকা ৬৪ পয়সা। এভাবে অভিযুক্ত ব্যক্তিরা ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন।
পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তি হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত।