কৌশলে শিশু অপহরণ, এক লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার আশ্রয় নিয়ে বাড়ির লোকজনের সহানুভূতি কাজে লাগিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের নয়ন (৫) নামের এক শিশুকে এক নারী অপহরণ করেছে। শিশুটির পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা হেলাল উদ্দিন গতকাল বুধবার দুপুরে মুরাদনগর থানায় অজ্ঞাতনামা নারীকে আসামি করে অপহরণ মামলা করেছেন।

অপহৃত শিশুর বাবা হেলাল উদ্দিন দাবি করেন, গত সোমবার রাত নয়টার দিকে দুই বছরের একটি মেয়েশিশুকে সন্তান পরিচয় দিয়ে অপরিচিত এক নারী তাঁর বাড়িতে এসে আশ্রয় চান। ওই নারীর বয়স আনুমানিক ২৭/২৮ বছর হবে। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। ওই নারী জানান, তিনি পাশের উত্তর রামচন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু বৃষ্টি এবং পথে পানি জমে গেছে বলে যেতে পারছেন না। তখন রাতের মতো ওই বিপদাপন্ন নারীকে আশ্রয় দেওয়া হয়। গত মঙ্গলবার দুপুরে কাউকে কিছু না বলে ওই নারী চলে যান। এর পর থেকেই নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজেও আর শিশুটিকে পাওয়া যায়নি। এরই মধ্যে মঙ্গলবার রাতে ওই নারী মুঠোফোনে জানান, নয়নকে অপহরণ করা হয়েছে। তাকে পেতে হলে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর থেকে ওই নারীর ফোন বন্ধ রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, শিশু অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ প্রতারক ওই নারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ওই নারীর মুঠোফোনের কললিস্ট দেখে তাঁর অবস্থান জানার চেষ্টা চলছে।